নাটোরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে ঘিরে শ্রমিকদের একাংশের সংবাদ সম্মেলন। শনিবার বিকেলে শহরের ভবানীগঞ্জে
ছবি: প্রথম আলো

নাটোর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ভুয়া ভোটার বানানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে শ্রমিকদের দুই পক্ষ। আজ শনিবার বিকেলে শহরের ভবানীগঞ্জ মোড়ে সংবাদ সম্মেলন করে নির্বাচন বন্ধের দাবি জানিয়েছে শ্রমিকদের একাংশ। সন্ধ্যায় অন্য পক্ষ পাল্টা সংবাদ সম্মেলন করে নির্বাচনী প্রক্রিয়া অব্যাহত রাখার দাবি জানিয়েছে।

আগামী ৩ সেপ্টেম্বর নাটোর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তবে আদালতের নির্দেশে ওই নির্বাচন স্থগিত করা হয়েছে। আদালতের নির্দেশ পেয়ে ওই নির্বাচন বন্ধ রাখা হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার।

বিকেলে শ্রমিকদের একাংশের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সভাপতি পদপ্রার্থী শ্রমিকনেতা মো. মিঠুন আলী। তিনি বলেন, তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে ২১ আগস্ট নাটোর সদর সহকারী জজ আদালত শ্রমিক ইউনিয়নের নির্বাচন স্থগিত করেন। আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচন অনুষ্ঠান করা যাবে না। অথচ আজ দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া ভোটার বানানোর কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, নির্বাচন কমিশনের সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুপ্রিয় ভৌমিক এবং নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী রিপন একটি কক্ষের মেঝেতে বসে শ্রমিকদের পরিচয়পত্র তৈরি করছেন। সেখানে প্রতিষ্ঠাতা সভাপতি কামরুল ইসলামের স্বাক্ষর তাঁরা নিজেরাই করছেন।

অভিযোগ অস্বীকার করে শ্রমিকদের অন্য অংশের সংবাদ সম্মেলন। শনিবার সন্ধ্যায় শহরে পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে
ছবি: প্রথম আলো

মিঠুন আলী বলেন, ওই ভিডিও প্রমাণ করে একটি পক্ষ গোপনে নির্বাচন অনুষ্ঠানের জন্য ভুয়া পরিচয়পত্র তৈরির কাজে ব্যস্ত। এভাবে নির্বাচন করলে তা আদালত অবমাননার শামিল হবে। তিনি নতুন নির্বাচন কমিশন গঠন করে আদালতের নির্দেশনা মোতাবেক সুষ্ঠু নির্বাচনের দাবি জানান।

এ বিষয়ে নির্বাচন কমিশনার সৈয়দ মোর্ত্তুজা আলী বলেন, ‘আমি নির্বাচন বন্ধে ২১ আগস্ট আদালতের নির্দেশনা পেয়েছি। ওই নির্দেশনা পাওয়ার পর নির্বাচনের সব কার্যক্রম বন্ধ রেখেছি। সংবাদ সম্মেলনে যে অভিযোগ করা হয়েছে, তা সঠিক নয়।’ ভুয়া পরিচয়পত্র তৈরির ভিডিও সম্পর্কে তিনি বলেন, এর সঙ্গে নির্বাচন কমিশনের কোনো সম্পৃক্ততা নেই।

সন্ধ্যায় পাল্টা সংবাদ সম্মেলন করে মিঠুন আলীর অভিযোগ নাকচ করে দেন সাধারণ সম্পাদক প্রার্থী রিপন ও তাঁর সমর্থকেরা। তাঁরা বলেন, ছড়িয়ে পড়া ভিডিও কবে কোথায় কেন করা হয়েছে, তা তাঁদের জানা নেই। তাঁরাও সুষ্ঠু নির্বাচন চান। তাঁরা অভিযোগ করেন, একটি মহল নির্বাচন বন্ধ রেখে শ্রমিকদের শোষণ করতে চায়। অবৈধভাবে অর্থ উপার্জন করার জন্য তাঁরা নির্বাচনী প্রক্রিয়ায় যেতে চান না।

ছড়িয়ে পড়া ভিডিও সম্পর্কে সুপ্রিয় ভৌমিক বলেন, ভিডিওটি অনেক আগের। নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে তাঁরা সভাপতির স্বাক্ষর করা কার্ডে শুধু নাম-ঠিকানা লিখছিলেন। একটি মহল অহেতুক বিতর্ক তৈরি করতে ভিডিওটি ছড়িয়ে দিয়েছে।