খুলনায় মোটরসাইকেলে চায়ের দোকানে এসে একজনকে গুলি করে হত্যা
খুলনার দিঘলিয়া উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে মো. নাসিমুল করিম (৫৫) নামের একজন নিহত হয়েছেন। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফরমাইশখানা এলাকার একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র প্রথম আলোকে বলেন, নাসিমুল করিম পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এলাকায় আধিপত্য বিস্তার বা চরমপন্থী দলগুলোর অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ জানায়, নিহত নাসিমুল করিমের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, অস্ত্র মামলাসহ আটটি মামলা আছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে ফরমাইশখানা এলাকার তৈয়ব আলী শিকদারের চায়ের দোকানের সামনে বসে ছিলেন নাসিমুল করিম। এ সময় মোটরসাইকেলে দুজন সেখানে আসেন। তাঁরা নাসিমুল করিমকে লক্ষ্য করে কয়েকটি গুলি করে দ্রুত পালিয়ে যান। পরিবারের সদস্যরা গুলিবিদ্ধ নাসিমুল করিমকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা, তিনটি তাজা গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার হোসেন। তিনি বলেন, এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।