পঞ্চগড়ে জাগপার মুখপাত্র রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, কার্যালয়ে ভাঙচুর
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের আক্রমণাত্মক মন্তব্যের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে রাশেদ প্রধানকে পঞ্চগড়ে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এ ছাড়া মিছিলের সময় বিক্ষুব্ধ কিছু লোক পঞ্চগড় জেলা জাগপা কার্যালয়ের বাইরের টিনের বেড়া ও কার্যালয়ের ভেতরে রাখা কয়েকটি চেয়ার–টেবিল ভাঙচুর করেন।
আজ শুক্রবার বিকেল সোয়া পাঁচটার দিকে পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করেন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতা–কর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়। এরই মধ্যে মিছিলটি বকুলতলা এলাকায় জাগপা কার্যালয়ের কাছাকাছি গেলে মিছিলে থাকা কিছু বিক্ষুব্ধ লোক জাগপা কার্যালয়ের বাইরের টিনের বেড়া ও ভেতরের কিছু চেয়ার–টেবিল ভাঙচুর করেন। পরে নেতারা বিক্ষুব্ধ ব্যক্তিদের সেখান থেকে আবারও মিছিলে নিয়ে আসেন। মিছিলে নেতা–কর্মীরা ‘একাত্তরের দালালেরা হুঁশিয়ার সাবধান’সহ বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে চৌরঙ্গী মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মনিরুজ্জামান মানিক ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান (জাপান) বক্তব্য দেন। বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের আক্রমণাত্মক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সঙ্গে অবিলম্বে রাশেদ প্রধানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। যতক্ষণ পর্যন্ত রাশেদ প্রধান প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইবেন না, ততক্ষণ পর্যন্ত রাশেদ প্রধানকে পঞ্চগড়ের মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করেন বক্তারা।
পঞ্চগড় জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা দলীয় নেতা–কর্মীদের নিয়ে শুধুই মিছিল করেছি। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে রাশেদ প্রধান প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত পঞ্চগড়ে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। শুনেছি জাগপা অফিসে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর করেছে। সেখানে আমাদের মিছিলের কোনো সংশ্লিষ্টতা নেই।’