সুনামগঞ্জে চিকিৎসক দেখানো নিয়ে মারামারি, আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ জেলার মানচিত্র

সুনামগঞ্জ পৌর শহরে চিকিৎসক দেখানো নিয়ে মারামারিতে ছয়জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে শহরের উকিলপাড়া এলাকায় এক চিকিৎসকের চেম্বারে এ ঘটনা ঘটে।

আহত ছয়জনের মধ্যে তিনজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে এবং একজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর হাসপাতালে চিকিৎসাধীন তিনজন হলেন জহির, সুলতান ও সাহিদ।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী বলেন, যাঁরা এই ঘটনার সঙ্গে জড়িত, তাঁদের ধরার চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখনো কেউ মামলা করেননি।

স্থানীয় সূত্রে জানা যায়, উকিলপাড়া এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টারের দ্বিতীয় তলায় কয়েকজন চিকিৎসকের ব্যক্তিগত চেম্বার আছে। নিচতলায় আছে মামণি নামের একটি ওষুধের দোকান। ওই দোকানের কর্মচারী সুলতান আহমদকে (২০) নিয়ে ঘটনার সূত্রপাত। তাঁর বাড়ি শহরতলির মাইজবাড়ি এলাকায়।

সুলতান আহমদ বলেন, তিনি দ্বিতীয় তলার একজন চিকিৎসকের ব্যবস্থাপত্রে লেখা একটি ওষুধ সম্পর্কে জানতে সেখানে যান। ওই চিকিৎসকের চেম্বারের সামনে তখন আরও কিছু রোগী ও তাঁদের স্বজনেরা ছিলেন। তখন তারেক আহমদ নামের এক যুবক চেম্বারে আগে-পরে ঢোকা নিয়ে অন্য একজনের সঙ্গে তর্ক জুড়ে দেন। এ সময় তিনি (সুলতান) বিষটি জানতে চাইলে তারেক উত্তেজিত হয়ে তাঁকে চড় মারেন। এর পর ধাক্কাধাক্কি ও দুজনের মধ্যে হাতাহাতি হয়। পরে তারেকের পক্ষে আরও কয়েক যুবক এসে তাঁকে (সুলতানকে) ওষুধের দোকান থেকে নিয়ে মারধর করেন। এ সময় তাঁর বড় ভাই তুহিন আহমদকে (২৩) মারধর করা হয়। ওষুধের দোকানের মালিক মুবিন আহমদ (৪০) ও তাঁর ছোট ভাই জহির আহমদ (৩৫) এগিয়ে গেলে যুবকেরা তাঁদেরও বেধড়ক মারধর করেন।

আহত মুবিন আহমদের বাবা সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের জ্যেষ্ঠ সহসভাপতি আমিনুল হক। তিনি বলেন, তাঁর ছেলেরা কর্মচারীকে রক্ষা করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন। মুবিনের মাথায় গুরুতর আঘাত লেগেছে। তাঁর ১২টি সেলাই লেগেছে।

পৌরসভার মেয়র নাদের বখত বলেন, ‘আমি খবর পেয়ে দ্রুত সেখানে যাই। এক যুবককে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনে খোঁজ নিয়ে তাঁকে উদ্ধার করে পরিবারের কাছে দিয়েছি। পুলিশকেও বিষয়টি জানিয়েছি।’