সিরাজগঞ্জে হুমকি-চাঁদাবাজির অভিযোগে বিএনপির দুই নেতার পদ স্থগিত, তিনজনকে নোটিশ
সিরাজগঞ্জ-৫ আসনে ভোটারদের হুমকি ও মারধরের অভিযোগে দুই নেতার সব দলীয় পদ স্থগিত করা হয়েছে। অন্যদিকে চাঁদাবাজির অভিযোগে বিএনপির তিন নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে সিরাজগঞ্জ জেলা বিএনপি।
আজ সোমবার ভোরে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ স্বাক্ষরিত পৃথক পাঁচটি চিঠির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান এই সিদ্ধান্তগুলো অনুমোদন করেছেন।
পদ স্থগিতাদেশ পাওয়া নেতারা হলেন বেলকুচি পৌর শাখার জাতীয়তাবাদী সাইবার দলের সাংগঠনিক সম্পাদক শিহাব মণ্ডল এবং বেলকুচি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মণ্ডল।
ওই চিঠি দুটিতে উল্লেখ করা হয়, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–পরবর্তী সময়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখানো এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আপনাদের নামে মামলা হয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে আপনাদের দলীয় সব পদ স্থগিত করা হলো।’
অন্যদিকে হিন্দু সম্প্রদায়ের দোকানে হুমকি, চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে বিএনপির তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাঁরা হলেন জেলা শহরের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক ফিরোজ আহমেদ, জেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মনা পাল ও সদর থানা সড়কের বিএনপি নেতা আরজু আহমেদ।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁদের বিরুদ্ধে এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দলীয় শৃঙ্খলা সমুন্নত রাখতে ভবিষ্যতে আরও কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।