ঋণের টাকায় কেনা তিনটি গরু চুরি, দিশাহারা খামারি ইতিরানী
বিভিন্ন এনজিও থেকে প্রায় আট লাখ টাকা ঋণ নিয়ে গোয়ালঘর নির্মাণ ও গরু কিনেছিলেন ইতিরানী (৪৫)। সেই গরুর দুধ বিক্রি করেই চলত সংসার, শোধ করতেন ঋণের কিস্তি। কিন্তু গরু চুরির ঘটনায় এখন পুরো পরিবার পড়েছে চরম অনিশ্চয়তায়।
কান্নাজড়িত কণ্ঠে ইতিরানী বলেন, ‘বিভিন্ন এনজিও থেকে প্রায় আট লাখ টাকা ঋণ নিয়েছি। ঋণের টাকায় গোয়ালঘর করেছি, গরুগুলো কিনেছিলাম। দুধ বিক্রি করে কিস্তি দিতাম। গরুগুলো চুরি হয়েছে। এখন কীভাবে ঋণ শোধ করব?’
ইতিরানী জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের ঢাকাপট্টি চৌকিদারপাড়া মহল্লার বাসিন্দা। শনিবার গভীর রাতে তাঁদের তিনটি গরু চুরি হয়। এ ঘটনায় তাঁর স্বামী নৃপেন সরকার গতকাল রোববার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা বাড়ির টিনের তৈরি গোয়ালঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে একটি ফ্রিজিয়ান জাতের দুধেল গাভি, একটি ষাঁড় ও এক দিনের একটি বাছুর চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা।
ভুক্তভোগী পরিবার জানায়, গরুগুলোই ছিল তাদের একমাত্র আয়ের উৎস। দুধ বিক্রি করেই সংসার চলত এবং এনজিও ঋণের কিস্তি পরিশোধ করা হতো। গরুগুলো হারিয়ে তারা এখন চরম সংকটে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও পৌর এলাকায় গরু চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় খামারিদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান বলেন, তিনটি গরু চুরির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত ও চুরি হওয়া গরু উদ্ধারের চেষ্টা চলছে।