কথা ছিল ক্রেতা আসবে, এল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার জেলার মানচিত্র

দুই ব্যক্তি কোমরে ইয়াবা বড়ি নিয়ে ক্রেতার জন্য অপেক্ষা করছিলেন। ক্রেতার দেওয়া ঠিকানায় দাঁড়িয়ে ছিলেন তাঁরা। কিন্তু ক্রেতার বদলে এলেন কয়েকজন পুলিশ সদস্য। পরে ওই দুজনকে তল্লাশি করে তিন হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়।

বুধবার সন্ধ্যা ছয়টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের ভাঁখালী এলাকায় অভিযান চালিয়ে তিন হাজার ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের আমানউল্লাহ পাড়ার মোহাম্মদ হোসাইন (৩১) ও বাঁশখালী পৌর এলাকার মো. হেফাজ উদ্দিন (৩৮)।

পুলিশ জানায়, বাঁশখালীর ছনুয়া খাল পার হয়ে পেকুয়ার রাজাখালী ইউনিয়নের ভাঁখালী এলাকায় অবস্থান করছিলেন মোহাম্মদ হোসাইন ও হেফাজ উদ্দিন। কুতুবদিয়া থেকে ক্রেতা গিয়ে তাঁদের কাছ থেকে তিন হাজার ইয়াবা বড়ি কেনার কথা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ইব্রাহিম, হেসাম উদ্দিন, মো. জুনাইদ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রইস উদ্দিনসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করে এবং ইয়াবা বড়ি জব্দ করে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন, রাজাখালীর ভাঁখালী এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। কাল বৃহস্পতিবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।