শ্রীমঙ্গলে ময়লার ভাগাড় অপসারণের দাবিতে মহাসড়কে শিক্ষার্থীরা
শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে থেকে ময়লার ভাগাড় অপসারণের দাবিতে ক্লাস বর্জন করে সড়কে অবস্থান কর্মসূচি পালন করেছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার তিনটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তাঁরা ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে অবস্থান নেওয়ায় একপর্যায়ে সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শ্রীমঙ্গল সরকারি কলেজ ও গাউছিয়া শফিকিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বের হন। মিছিলটি কলেজ সড়ক হয়ে চৌমুহনা চত্বরে আসার পর শিক্ষার্থীরা সড়কে বসে পড়েন। এ সময় শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষার্থী দীপ্ত পাল, উম্মে নাফিসা মাইমুনাহ, রায়হান আহমেদ, সাহেদ আহমেদ প্রমুখ।
শিক্ষার্থীরা বলে, তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান শ্রীমঙ্গল সরকারি কলেজ, দি বাডস্ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ ও গাউছিয়া শফিকিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সামনে পৌরসভার বড় ময়লার ভাগাড়। প্রতিদিন পুরো শহরের ময়লা-আবর্জনা এখানে ফেলা হয়। ময়লার গন্ধে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস করা কষ্টকর। নাক-মুখ চেপে রেখে ক্লাস করতে হয়। দীর্ঘদিন ধরে এটি চলে আসছে। অনেকে এটি সরাতে আন্দোলন করেছেন। কিন্তু বারবার আশ্বাস দেওয়া হলেও কিছুই করা হয়নি। আজ তারা ক্লাস বন্ধ করে রাজপথে নেমেছে। এক সপ্তাহের মধ্যে দাবি মানা না হলে তারা কলেজে যাওয়া বন্ধ করে দেবে, ক্লাস-পরীক্ষা বর্জন করে সড়কে অবস্থান নেবে।
জানতে চাইলে শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া প্রথম আলোকে বলেন, ‘আমরাও ময়লার ভাগাড় অন্য জায়গায় সরিয়ে নিতে চাই। ময়লার ভাগাড় স্থানান্তরের জন্য আমরা জেটি রোড এলাকায় জমি অধিগ্রহণ করেছি। কিন্তু ওই এলাকার এক ব্যক্তি মামলা করে ভাগাড়ের কাজ করতে দিচ্ছেন না। মামলার জটিলতার কারণে আমরা ভাগাড় সরাতে পারছি না।’
এর আগে ২০১৮ সালে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে থেকে ময়লার ভাগাড় অপসারণের দাবিতে ক্লাস বর্জন করে আন্দোলনে নেমেছিল স্কুল, কলেজ ও মাদ্রাসার হাজারো শিক্ষার্থী। সে সময় জেলা প্রশাসকের আশ্বাসে আন্দোলন স্থগিত করলেও শিক্ষার্থীদের দাবি পাঁচ বছরেও পূরণ হয়নি।