ডেঙ্গু থেকে বাঁচতে আমাদেরই পরিবেশকে পরিষ্কার রাখতে হবে: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণা অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি। গতকাল শুক্রবার রাতে চাঁদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে
ছবি: প্রথম আলো

ডেঙ্গু প্রতিরোধে নিজেদের পরিবেশ নিজেদেরই পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেছেন, ‘ডেঙ্গু শুধু বাংলাদেশে নয়, পুরো দক্ষিণ-পূর্ব এশিয়ার সব জায়গায় ছড়িয়ে পড়েছে। কোথাও কোথাও ডেঙ্গু আমাদের থেকেও বেশি। তবে এটি প্রতিরোধ্য। এ জন্য এই ডেঙ্গু থেকে বাঁচতে আমাদের নিজেদের পরিবেশকে আমাদেরই পরিষ্কার রাখতে হবে।’

গতকাল শুক্রবার রাত আটটায় চাঁদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে চাঁদপুর পৌরসভার ২০২৩-২৪-এর বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেঙ্গু মশার জন্ম বা বিস্তার ঠেকাতে পৌরসভার পাশাপাশি নিজেদের কাজ করার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী অনুষ্ঠানে বলেন, ‘আজকে আমি চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে একটি সরু রাস্তার পাশের খোলা ড্রেন দেখলাম। সেখান পানি নেই। কিন্তু এ ড্রেনে এমন কিছু নেই যে, নাই। এসব বর্জ্যগুলো আমরাই তো ফেলি। এগুলো পরিষ্কার রাখা শুধু পৌরসভার একার দায়িত্ব নয়, আমাদেরও দায়িত্ব রয়েছে। আর এ জন্যই আমরা ডেঙ্গুতে আক্রান্ত হই। পরে পৌরসভাকেই দোষ দিই।’

এর আগে পৌর মেয়র মো. জিল্লুর রহমান চাঁদপুর পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরের ১১৪ কোটি ২৪ লাখ ১৬ হাজার ২১৯ টাকার উন্নয়ন বাজেট ঘোষণা করেন। এর মধ্যে রাজস্ব বাজেট ঘোষণা করা হয় ৪২ কোটি ৭০ লাখ ১ হাজার ৭৪৮ টাকা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ।