রাঙ্গাবালীতে বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ এই ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ৯টার দিকে রাঙ্গাবালী সদর ইউনিয়নের বাহেরচর বাজার নতুন ব্রিজ–সংলগ্ন এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। হামলাকারী ব্যক্তিরা চিৎকার দিয়ে কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর চালিয়ে চলে যান।
উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহমান ফরাজী বলেন, রাতে দলীয় কার্যালয় তালাবদ্ধ ছিল। উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে স্লোগান দিয়ে কার্যালয়ে প্রবেশ করে টেবিল-চেয়ারসহ আসবাব ভাঙচুর করেন। এ সময় দলীয় নেতাদের ছবিও ভাঙচুর করেন হামলাকারী ব্যক্তিরা। তিনি আরও বলেন, ‘আজ শনিবার আমাদের গণ–অবস্থান কর্মসূচি রয়েছে। কেন্দ্র–ঘোষিত এই কর্মসূচি বানচাল করার জন্য রাতের আঁধারে আমাদের কার্যালয়ে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। এ ঘটনার জন্য উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ দায়ী।’
অভিযোগের বিষয়ে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান বলেন, ‘বিএনপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এ বিষয়ে আমরা কিছুই জানি না।’
উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামান আরিফ বলেন, এই উপজেলায় বিএনপির দলীয় কোন্দল রয়েছে। নিজেদের কোন্দলে এ ঘটনা ঘটেছে। ছাত্রলীগের কেউ এসব কাজ করেনি। এসব ভিত্তিহীন। বিএনপির কাজই প্রোপাগান্ডা ছড়ানো।
এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেননি এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম মজুমদার।