বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবিতে মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবি
মুন্সিগঞ্জের লৌহজংয়ে বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলারডুবিতে প্রাণহানির ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজদিখান উপজেলার লতব্দি ইউনিয়ন পরিষদের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলার সর্বস্তরের সাধারণ জনগণের ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিলে শতাধিক নারী-পুরুষ এবং ট্রলারডুবিতে নিহত ব্যক্তিদের স্বজনেরা অংশগ্রহণ করেন। এ সময় ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা। বাল্কহেডের মালিক, চালক এবং এ ঘটনায় করা মামলায় অন্যতম দুই আসামি যুবলীগ নেতা জাহিদ শিকদার ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পাপ্পু চোকদারের ফাঁসির দাবি তোলা হয়।
ঘটনার পরদিন বিকেলে ট্রলারডুবিতে সন্তানসহ পাঁচ স্বজন হারানো রুবেল শেখ নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলা করেন। মামলায় বেপরোয়া গতিতে বাল্কহেড চালিয়ে মৃত্যু ঘটানো ও জানমালের ক্ষতির অভিযোগ আনা হয়।
এতে সিরাজদিখান উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য জাহিদ শিকদার ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পাপ্পু চোকদারের নাম উল্লেখসহ বাল্কহেডের অজ্ঞাতনামা মালিক, চালকসহ সাতজনকে আসামি করা হয়। মামলার তদন্তের দায়িত্ব রয়েছে মাওয়া নৌ পুলিশ।
মানববন্ধনে মামলার বাদী মো. রুবেল শেখ বলেন, ‘আমি জেনেছি, বাল্কহেডটি সিরাজদিখানে বালু নামিয়ে যাচ্ছিল। সিরাজদিখানে বালুর ব্যবসা করেন জাহিদ শিকদার ও পাপ্পু চোকদার। তাঁদের নামে মামলা দেওয়ায় আমাকে কেউ একজন ফোন করে হুমকি–ধমকিও দিয়েছে। সে বিষয়টি আমি পুলিশকে জানিয়েছি।’
মানববন্ধনে উপস্থিত ছিলেন ট্রলার দুর্ঘটনায় নিহত পাঁচ মাস বয়সী হুমায়রার বাবা শাহাদাত হোসেন। তিনি অভিযোগ করে বলেন, ‘তালতলা-গৌরগঞ্জ খাল (পদ্মার শাখা নদী) দিয়ে বাল্কহেড চলাচল নিষিদ্ধ ছিল। এরপরও সেখান দিয়ে বাল্কহেড চলল। যার কারণে আমার মেয়েসহ আমাদের সাতজন আত্মীয়স্বজন মারা গেল। এ ঘটনার সঙ্গে জড়িত ও মামলার আসামি জাহিদ শিকদার, পাপ্পু চোকদারসহ সবাইকে গ্রেপ্তার করা হোক। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।’
ট্রলারডুবিতে দুই ছেলে, স্ত্রী ও শ্যালিকাকে হারিয়েছেন খিদিরপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, ‘বাল্কহেডটিকে লাইট জ্বালিয়ে সংকেত দিয়েছিলাম। এরপরও আমাদের ট্রলারের ওপর উঠিয়ে দেয়। আমার সব কিছু কেড়ে নিয়েছে। ঘটনার ১১ দিন পেরিয়ে গেল অথচ পুলিশ আসামিদের ধরতে পারছে না। তারা কেন ধরতে পারছে না?’
৫ আগস্ট সকালে সিরাজদিখান উপজেলার লতব্দি ইউনিয়নের খিদিরপুর গ্রামের নারী-শিশুসহ ৪৬ জন ট্রলারে করে পদ্মা নদীতে পিকনিকে যান। পিকনিক শেষে ট্রলারটি তালতলা-গৌরগঞ্জ খাল দিয়ে লতব্দিতে ফিরছিল। রাত সোয়া আটটার দিকে ট্রলারটি লৌহজংয়ের রসকাঠি এলাকায় পৌঁছালে একটি বাল্কহেড ধাক্কা দেয়। এতে ট্রলারটি পানিতে তলিয়ে যায়। ঘটনায় নারী–শিশুসহ নয়জনের মরদেহ উদ্ধার করা হয়। নাভা (৫) নামের মেয়ে শিশুর খোঁজ পায়নি তার পরিবার।
ঘটনার পরপর জব্দ করা হয় বাল্কহেডটি। মামলার পর বাল্কহেডের চালকের সহকারী আবদুস সালামকে (৫৮) গ্রেপ্তার করা হয়। এরপর এ মামলার তেমন কোনো অগ্রগতি নেই। মামলাটির তদন্ত কর্মকর্তা ও মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ফোরকান মিয়া প্রথম আলোকে বলেন, ‘ইতিমধ্যে মালিক ও চালকের নাম জানতে পেরেছি। ঠিকানা বের করার চেষ্টা চলছে।’
এখন পর্যন্ত আসামি গ্রেপ্তার করতে না পারার প্রসঙ্গে তদন্ত কর্মকর্তা বলেন, মামলার এজহারে যে দুজনের নাম উল্লেখ ছিল, তাঁরা উচ্চ আদালত থেকে জামিনে আছেন। তবে ঘটনার সঙ্গে জড়িত অন্য সবাইকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
ঘটনার দিনই ট্রলারডুবি তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন। তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শারমিন আরাকে কমিটির প্রধান করে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন। তদন্ত প্রতিবেদন জমা পড়েছে কি না, এ বিষয়ে জেলা প্রশাসন থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।