সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট জেলার মানচিত্র

সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের তিন সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠনের ১০ দিনের মাথায় পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান এ দুই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।

পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল আহাদ খান জামাল। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে জেলা ও মহানগরের আওতাধীন সব কটি ইউনিটের সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করে জেলার সম্মেলন আয়োজন করা হবে।

গত ৯ অক্টোবর আবদুল আহাদ খানকে আহ্বায়ক, শাকিল মুর্শেদকে সদস্যসচিব ও মিফতাহুল কবীরকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক করে জেলা স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটির ঘোষণা করা হয়েছিল। গতকাল ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে আহ্বায়ক ও সদস্যসচিবের বাইরে ১৩ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ৩৬ জনকে সদস্য করা হয়েছে।

একই দিন ঘোষিত মহানগর স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটিতে মাহবুবুল হক চৌধুরী আহ্বায়ক, আফসর খান সদস্যসচিব ও আবদুস সামাদ তুহেল জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ঘোষণা করা হয়েছিল। গতকাল ওই কমিটিও ৫১ সদস্যে বর্ধিত করে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে আহ্বায়ক ও সদস্যসচিবের বাইরে ১৩ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ৩৬ জনকে সদস্য রাখা হয়েছে।