সিলেটে তরুণীর লাশ উদ্ধারের ঘটনায় হোটেলমালিকসহ তিনজনের নামে মামলা
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার একটি আবাসিক হোটেল থেকে তরুণীর লাশ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। গতকাল বুধবার রাতে ওই তরুণীর বাবা বাদী হয়ে হোটেলমালিক, ব্যবস্থাপকসহ তিনজনের নামে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন।
তবে মামলায় আসামিদের নাম উল্লেখ করেনি পুলিশ। সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান তালুকদার বলেন, মামলার আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। আর তরুণীর লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে গতকাল বেলা ১১টার দিকে দক্ষিণ সুরমার মোমিনখলা বাইপাস এলাকার ‘নিউ শাপলা আবাসিক হোটেল’ নামের আবাসিক হোটেলের দ্বিতীয় তলার কক্ষ থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়। এর পর থেকে ওই হোটেলের কাউকে পায়নি পুলিশ। ঘটনার পর থেকে হোটেলটি তালাবদ্ধ।
এদিকে মেয়ের মৃত্যুর খবর পেয়ে তরুণীর মা ও বাবা গতকাল সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান। সে সময় তরুণীর বাবা প্রথম আলোকে জানিয়েছিলেন, মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে হোটেলে আটকে রেখে অসামাজিক কাজ করতে বাধ্য করেছেন হোটেলের ব্যবস্থাপক জহিরুল। এর আগে জহিরুল মেয়েকে বিয়ের জন্য আশ্বাস দিয়ে বাড়ি থেকে নিয়ে যান। পরে আটকে রেখে নির্যাতন চালিয়ে অপকর্মে বাধ্য করার চেষ্টা করা হয়। এতে রাজি না হওয়ায় অত্যাচারের পর তাঁর মেয়ে হত্যাকাণ্ডের শিকার কিংবা আত্মহত্যা করে থাকতে পারেন।