চট্টগ্রামে পাহাড়চূড়ায় পড়ে ছিল বৃদ্ধের লাশ
চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড়ের চূড়া থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৮০) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদী ফকিরহাট বাজারের পূর্ব পাশের পাহাড় থেকে তাঁর লাশ উদ্ধার হয়।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে স্থানীয় কয়েকজন পাহাড়চূড়ায় বৃদ্ধের লাশটি দেখতে পান। পরে তাঁরা পুলিশকে খবর দেন। ওই বৃদ্ধের পরনে কোনো কাপড় ছিল না। পুলিশের ধারণা, ওই বৃদ্ধ ভবঘুরে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
জানতে চাইলে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা ইয়াসমিন প্রথম আলোকে বলেন, সুরতহালে ওই ব্যক্তির শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাঁর পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।