আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতিত নেতা-কর্মীদের নিয়ে হাওরে এমপির আনন্দভ্রমণ

সুনামগঞ্জ-১আসনের বিএনপির নেতাকর্মীদের নিয়ে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের হাওরে আনন্দভ্রমণ ও পুনর্মিলনী সমাবেশ। শুক্রবার বিকেলে তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরেছবি: প্রথম আলো

সুনামগঞ্জের চারটি উপজেলায় আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সরকারের আমলে নির্যাতিত বিএনপির প্রায় ৮০০ নেতা-কর্মীকে নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দভ্রমণ করেছেন সুনামগঞ্জ-১ আসনের (তাহিরপুর, ধর্মপাশা, জামালগঞ্জ ও মধ্যনগর) সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। গতকাল শুক্রবার দিনব্যাপী এ আয়োজনে নেতা-কর্মীদের সম্মাননা স্মারক ও উপহার দেওয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, বিগত ১৬ বছর তাহিরপুর, ধর্মপাশা, জামালগঞ্জ ও মধ্যনগর উপজেলায় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে যাঁরা গায়েবি মামলার আসামি হয়ে কারাবরণ করেছেন, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, তাঁদের নিয়ে টাঙ্গুয়ার হাওর ভ্রমণ ও পুনর্মিলনীর আয়োজন করেন এমপি কামরুজ্জামান কামরুল। দুপুরে তাহিরপুর থেকে ১০টি নৌকায় করে টাঙ্গুয়ার হাওরে যান নেতা-কর্মীরা। তাঁদের সবার গায়ে ছিল একই রঙের টি-শার্ট।

প্রতিটি নৌকায় ছিল গানবাজনার আয়োজন। টাঙ্গুয়ার হাওরে নেতা-কর্মীরা সবাই একসঙ্গে দুপুরের খাবার খান। এরপর বিকেলে টাঙ্গুয়ার হাওর থেকে নৌকা নিয়ে সবাই পাশের মাটিয়ান হাওরে যান। সেখানে হাওরপারে বোয়ালমারা এলাকায় পুনর্মিলনী সমাবেশ অনুষ্ঠিত হয়। এখানে নেতা-কর্মীরা বক্তব্য দেন। আন্দোলন-সংগ্রামের দিনগুলোর স্মৃতিচারণা করেন। এখানে সংসদ সদস্যের পক্ষ থেকে তাঁদের সম্মাননা স্মারক ও উপহার দেওয়া হয়।

সুনামগঞ্জ-১আসনের বিএনপির নেতাকর্মীদের নিয়ে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের হাওরে আনন্দভ্রমণ। শুক্রবার বিকেলে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে
ছবি: প্রথম আলো

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। তিনি জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। বিগত নির্বাচনে এ আসনে প্রথমে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক। প্রতীক বরাদ্দের আগের দিন মনোনয়ন পরিবর্তন করে কামরুজ্জামান কামরুলকে দেওয়া হয়। আনিসুল হকও আনন্দভ্রমণে অং

সভাপতির বক্তব্যে আনিসুল হক বলেন, ‘১৬টি বছর আমরা সীমাহীন নির্যাতনের শিকার হয়েছি। নেতা-কর্মীরা বাড়িঘরে থাকতে পারেননি। স্বৈরাচারের বিদায় এবং আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে দেশ যে নতুন করে যাত্রা শুরু করেছে, এর পেছনে নেতা-কর্মীদের অনেক ত্যাগ আছে। তাঁদের সব সময় মূল্যায়ন করতে হবে, সম্মান জানাতে হবে। সংসদ সদস্যকে এই আয়োজনের জন্য ধন্যবাদ জানাই।’

তাহিরপুর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. জুনাব আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মোতালেব খান, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, মো. রাকাব উদ্দিন, মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল হক, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নূরুল হক আফিন্দী প্রমুখ।

সুনামগঞ্জে বিএনপির নেতাকর্মীদের নিয়ে হাওরে আনন্দভ্রমণে সম্মাননা তুলে দিচ্ছেন সংসদ সদম্য কামরুজ্জামান কামরুল। শুক্রবার বিকেলে সুনামগঞ্জের মাটিয়ান হাওরে
ছবি: প্রথম আলো

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কামরুজ্জামান বলেন, ‘আমরা ঐক্যবদ্ধভাবে বিগত দিনে যেভাবে ফ্যাসিস্টদের বিরুদ্ধে মাঠে থেকেছি, একে অপরের পাশে থেকেছি, হাতে হাত রেখে আন্দোলন-সংগ্রাম করেছি; এখনো সেভাবেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে কাজ করতে হবে। আমাদের মাঝে কোনো বিভেদ-বিভক্তি থাকবে না। আমরা সবাইকে সম্মান করব, সবাইকে মূল্যায়ন করব। সবাইকে নিয়ে কাজ করব। আনন্দ আয়োজনের মূল উদ্দেশ্য সেটাই।’

পরে সন্ধ্যা ছয়টার দিকে আনন্দভ্রমণ ও পুনর্মিলনী শেষে হাওর থেকে ফেরেন নেতা-কর্মীরা।