রংপুরে উল্টো পথে আসা অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর
রংপুরের তারাগঞ্জ উপজেলায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় বুলবুল ইসলাম (৪৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার রাত আটটার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার নতুন চৌপথী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অ্যাম্বুলেন্সটি উল্টো দিক দিয়ে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুলবুল ইসলাম উপজেলার আলমপুর ইউনিয়নের দোয়ালীপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। তারাগঞ্জের চৌপথী এলাকায় তাঁর মোবাইল ও ইলেকট্রনিক পণ্য বিক্রির একটি দোকান আছে। বৃহস্পতিবার রাত আটটার দিকে দোকান থেকে মহাসড়ক পার হয়ে একটি হোটেলে চা পান করতে যাচ্ছিলেন তিনি। এ সময় রংপুর থেকে সৈয়দপুরগামী একটি দ্রুতগামী অ্যাম্বুলেন্স চৌপথী বাসস্ট্যান্ডে এসে মহাসড়কের উল্টো পথে ঢুকে পড়ে বুলবুলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা বুলবুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসা তাঁকে মৃত ঘোষণা করেন।
আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, বুলবুল ইসলাম তাঁর এলাকার ছোট ভাই। বুলবুলের পরিবারে স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়ে আছে। তাঁর এমন মৃত্যুতে পুরো পরিবার দিশেহারা হয়ে পড়েছে।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, চৌপথী এলাকায় সড়ক দুর্ঘটনায় বুলবুল নামের এক ব্যক্তি মারা গেছেন। তাঁকে ধাক্কা দেওয়া অ্যাম্বুলেন্সটি পালিয়েছে। হাসপাতাল থেকে বুলবুলের লাশ তাঁর পরিবার নিয়ে গেছেন।