ফুটবল খেলা, গান-কবিতায় শিশু ধর্ষণ ও হত্যার ব্যতিক্রমী প্রতিবাদ

শিশুধর্ষণ ও হত্যার প্রতিবাদে গান-কবিতা ও ফুটবল খেলার মধ্য দিয়ে প্রতিবাদী কর্মসূচি হয়েছে। আজ শুক্রবার দুপুরে ময়মনসিংহ নগরের চর বড়বিলা নীলের কুঠি এলাকায়ছবি: প্রথম আলো

দেশব্যাপী শিশুকন্যা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ‘আর না ঝরুক শিশুফুল’ স্লোগানে ময়মনসিংহে গান-কবিতা ও ফুটবল খেলার মধ্য দিয়ে প্রতিবাদী কর্মসূচি হয়েছে। শুক্রবার দুপুরে পরম্পরা নামে একটি সংস্কৃতিক সংগঠন নগরের চর বড়বিলা নীলের কুঠি এলাকার একটি মাঠে এই আয়োজন করে।

আয়োজকেরা জানান, গত চার মাসে ধর্ষণের শিকার হয়েছে এক শর বেশি শিশুকন্যা। ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে খেলায় খেলায় প্রতিবাদ জানাতেই চারদিকে সবুজ নিয়ে ফুটবল খেলার আয়োজন করা হয়। পাশাপাশি ধর্ষণবিরোধী গান ও কবিতাও ছিল আয়োজনে। তরুণেরা খেলাধুলায় যুক্ত থাকলে ধর্ষণ কিংবা অন্য কোনো সামাজিক অপরাধে জড়িয়ে পড়বে না, এমন বার্তা পৌঁছে দিতে ও সামাজিক সচেতনতা বাড়াতে আয়োজনটি করা হয়। চর বড়বিলা নীলের কুঠি গ্রামের কিশোর, তরুণ ও যুবক এবং কবি–সাহিত্যিক নিয়ে দুটি টিম করে ফুটবল খেলা হয়।

শুক্রবার বেলা ১১টার দিকে গানে গানে ধর্ষণবিরোধী প্রতিবাদের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। ‘এ মানুষ মরলে পরে বিচার হবে কার’ গানের মাধ্যমে খেলোয়াড়দের মাঠে নামার প্রস্তুতি চলে। ফুটবল ম্যাচের উদ্বোধন করে সাত বছরের এক শিশুকন্যা। একদিকে খেলা চলতে থাকে অন্যদিকে ধর্ষণবিরোধী গান-কবিতা চলে। এতে শিশু-কিশোর ও বয়স্ক লোকজনও উপস্থিত ছিল।

চরবড়বিলা গ্রামের বাসিন্দা আসকর আলী বলেন, ‘চারদিকে যেভাবে ধর্ষণের খবর পাই কন্যাশিশুদের নিয়ে আমাদের সব সময় ভয়-আতঙ্কে দিন কাটাতে হয়। আমরা নিরাপদ পরিবেশ চাই।’

আয়োজনে গান পরিবেশন করেন স্থানীয় সংগীতশিল্পী খায়রুল ইসলাম। তিনি বলেন, শাস্তির পাশাপাশি এ ধরনের ঘটনা রোধে সামাজিক আন্দোলন জরুরি। কোনো তরুণ-ব্যক্তি খেলাধুলা কিংবা সংস্কৃতির সঙ্গে থাকলে ধর্ষণ কিংবা মাদক গ্রহণ করতে পারে না।

আয়োজক সংগঠন পরম্পরার সভাপতি শামীম আশরাফ বলেন, ‘আমরা চাই ধর্ষণের বিরুদ্ধে সর্বস্তরের মানুষ গর্জে উঠুক। বিশ্বকাপ ফুটবলের মৌসমু চলছে। ফুটবল মাঠ থেকেও প্রতিবাদ হোক। আমাদের শিশুরা সব জায়গায় নিরাপদ থাকুক। শুধু আলোচিত ঘটনার দ্রুত বিচার নয়, সব ধর্ষণ ও হত্যার বিচার দ্রুততার সাথে হোক।’