যানজটমুক্ত শহর গড়তে ৫টি ফ্লাইওভার নির্মাণ করা হবে: মেয়র লিটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। আজ বুধবার দুপুরে নগর ভবনের অ্যানেক্স হলরুমে
ছবি: প্রথম আলো

৯৬ বর্গকিলোমিটার থেকে রাজশাহী সিটি করপোরেশনের আয়তন প্রায় ৪০০ বর্গকিলোমিটারের কাছাকাছি নিয়ে যাওয়া হবে। যানজটমুক্ত শহর গড়তে নগরে পাঁচটি উড়ালসড়ক নির্মাণ করা হবে।

আজ বুধবার দুপুরে নগর ভবনের সিটি হলরুমে রাজশাহী সিটি করপোরেশনের আয়োজনে রাজশাহী মহানগরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এসব কথা বলেন।

মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ‘২০১৯ সালে প্রায় ৩ হাজার কোটি টাকার রাজশাহী মহানগরের সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদন দেন প্রধানমন্ত্রী। প্রকল্পে সরকারি বরাদ্দ প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকা। করোনায় দেড় বছর আমরা কোনো কাজ করতে পারিনি। সে সময় মানুষকে বাঁচাতে কাজ করতে হয়েছে। এরপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং যুদ্ধের প্রভাবে ডলারের মূল্যবৃদ্ধি, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি পাওয়াসহ সারা বিশ্বে নাভিশ্বাস ওঠার এক অবস্থা দেখা দেয়। যার কারণে রাজশাহীতেও উন্নয়ন ব্যাহত হয়েছে। ওই প্রকল্পের মাত্র ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয় করতে পেরেছি। যার উন্নয়ন আপনাদের সামনে দৃশ্যমান। প্রকল্পে আরও ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। আমি নির্বাচিত হলে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়ে আরও মোটা অঙ্কের অর্থ বরাদ্দ নিয়ে আসব।’

মেয়র বলেন, ‘রাজশাহীকে যানজটমুক্ত শহর হিসেবে গড়ে তুলতে পাঁচটি ফ্লাইওভার নির্মাণ করা হবে। দুটির দরপত্র ইতিমধ্যে হয়ে গেছে। আরও তিনটি প্রক্রিয়াধীন। এগুলোর কাজ নির্বাচনের পর শুরু হবে। রাজশাহী সিটি করপোরেশনের মাস্টারপ্ল্যান করতে চাই। এটি বুয়েটের মাধ্যমে থাইল্যান্ড বা সিঙ্গাপুরের কোনো কোম্পানির সঙ্গে চুক্তি করে করা হবে।’

রাজশাহী সিটির আয়তন বৃদ্ধি প্রসঙ্গে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ‘রাজশাহী সিটি এলাকা ৯৬ বর্গকিলোমিটার থেকে বাড়িয়ে প্রায় ৩৫০ বর্গকিলোমিটার থেকে ৪০০ বর্গকিলোমিটার করতে চাই। সম্প্রসারিত এলাকার কৃষিজমি নষ্ট না করে প্রশস্ত ড্রেন, রাস্তাসহ নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে চাই।’

মেয়র আরও বলেন, ‘পদ্মাচরে রিভার সিটি নির্মাণের পরিকল্পনা করছি। বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করেছি। আগামী জাতীয় নির্বাচনের পরে এই কাজটি এগিয়ে নেওয়া হবে। সেটা একটা দেখার মতো পরিবেশ হবে। সেটি বিদেশি পর্যটকদেরও রাজশাহীতে আসতে আগ্রহী করবে।’

খায়রুজ্জামান লিটন আরও বলেন, রাজশাহী সিটি করপোরেশন, আরডিএ ও সংশ্লিষ্ট অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে আলাপ করে জায়গা চিহ্নিত করে সাংবাদিকদের আবাসনের জন্য বহুতল ভবন নির্মাণ পরিকল্পনা গ্রহণ করা হবে।

আগামী ২১ জুন নির্বাচন বিষয়ে আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল–সমর্থিত মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটন বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আবারও মেয়র পদে দলীয় মনোনয়ন দিয়েছেন। ইতিমধ্যে নির্বাচন কমিশন অফিস থেকে মনোনয়নপত্র উত্তোলন করেছি। ২১ মে মনোনয়নপত্র দাখিল করব। এরপরে ২ জুন প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করব।’
রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আখতার জাহান ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক। সভা সঞ্চালনা করেন সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু।