ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল, বিপাকে শ্রমজীবী মানুষ
কয়েক দিন থেকে সকালে সূর্যের দেখা মিললেও আজ সোমবার সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকে আছে ঠাকুরগাঁও। ঘন কুয়াশার কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন পরিবহন দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। কুয়াশার পাশাপাশি তীব্র শীতে দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ।
আজ সকাল ৯টার দিকে পৌর শহর ও সদর উপজেলার আকচা, পুরোনো ঠাকুরগাঁও, বকশেরহাট এলাকায় গিয়ে দেখা যায়, চারদিক কুয়াশায় ঢেকে আছে। বইছে হিমশীতল বাতাস। রাস্তায় মানুষের চলাচল একেবারেই কম। ঠান্ডা থেকে রক্ষায় বিভিন্ন স্থানে খড়কুটা জ্বালিয়ে অনেককে আগুন পোহাতে দেখা যায়। চট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে গবাদিপশুর শরীর।
ঠাকুরগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরের কোনো কার্যালয় নেই। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঠাকুরগাঁও কার্যালয় এলাকার তাপমাত্রার হিসাব রাখে। এই দপ্তর সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে জেলার তাপমাত্রা ২৫ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছিল।
আজ সকাল ৯টার দিকে শহরের কলেজপাড়া এলাকায় কথা হয় ভ্যানচালক রতন বর্মণের সঙ্গে। তিনি বলেন, ‘কয় দিন গরম পড়িল। হামরা ভাবিনু জারখান (শীত) পালায় গেইল। আইজ আবার জার করছে। কুয়াশাত রাস্তাঘাট দেখা যাচে না। জান হাতোত নিয়া রাস্তাত ভ্যান চালিছি।’
আকচা এলাকায় বোরো ধানের চারা রোপণের জন্য জমি তৈরি করছিলেন দীনবন্ধু। তিনি বলেন, ‘এবার ঠান্ডা বেশি পড়িলেও আজকার মতো কুয়াশা দেখুনি। কুয়াশায় পাশের খেতও দেখা যাছেনি।’
শহরের পুরান বাসস্ট্যান্ড এলাকায় শ্রমজীবী মানুষের হাট বসে। সকাল ১০টার দিকে কাজ না পেয়ে বাড়িতে ফিরছিলেন তেলীপাড়া গ্রামের শফিকুল ইসলাম, সনাতন রায়, আবদুল জব্বারসহ কয়েকজন শ্রমিক। তাঁদের সঙ্গে কথা হলে শফিকুল ইসলাম বলেন, ‘আইজকার কুয়াশা দেখিয়া ভাবিছিনু কাজত যামনি। পরে খাবারের কথা ভবিয়া বাড়ি থাকিয়া বাইর হনু। কিন্তু কাজ পানুনি। অ্যালা বাড়িত ফিরে যাচু।’
আকচা এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সড়ক রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন কয়েকজন নারী। সুনেত্রা রায় নামের এক নারী বলেন, ‘সকাল থাকিয়া ঠান্ডা কচ্চে। তুবুও হামাক কাজে আসিবা হচে। কাজ না করিলে খামো কী?’
সকাল সাড়ে ১০টার দিকে শহরের আর্ট গ্যালারি মোড়ে কথা হয় গাড়িচালক আমির আলীর সঙ্গে। তিনি বলেন, ঘন কুয়াশায় সামনের গাড়িগুলা দেখা যাচ্ছে না। তাই হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে।
পুরোনো ঠাকুরগাঁও এলাকার বাসিন্দা হুরমত আলী বলেন, ‘মোর অনেক বয়স হয়া গেইল। কত কী দেখিনু। মাঘের শেষত ঠান্ডা, কুয়াশা কমি যায়। আর অ্যালায় দেখছু বেশি করিয়া কুয়াশা পড়ছে। যেলা বেশি শীত, সেলায় এমন কুয়াশা পড়েনি।’