মায়ের পাশ থেকে ঘুমন্ত সন্তানকে তুলে নিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
বগুড়ার শেরপুর উপজেলায় বাবার বিরুদ্ধে দেড় বছরের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন গ্রামবাসী। সন্তান হত্যার অভিযোগে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন তাঁর স্ত্রী। আজ মঙ্গলবার সকালে উপজেলার কুসুম্বি ইউনিয়নের উচুলবাড়ীয়া গ্রামে বাড়ির পাশের একটি ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। গ্রেপ্তার ওই ব্যক্তির নাম জাকির হোসেন।
নিহত শিশুটির মা রাবেয়া খাতুন জানান, তাঁর দুই মেয়ে। বড় মেয়ের নাম জান্নাতুন খাতুন এবং ছোট মেয়ের নাম হুমাইয়ারা খাতুন। গতকাল সোমবার রাত আটটার পর তিনি সন্তানদের নিয়ে বিছানায় ঘুমিয়ে পড়েন। রাতে ১২টার দিকে ঘুম ভেঙে দেখতে পান, ছোট মেয়ে পাশে নেই। এরপর তিনি বাচ্চাকে খোঁজাখুঁজি শুরু করেন। প্রতিবেশীদের বিষয়টি জানান তিনি। প্রতিবেশীরা এলে সন্তানের বাবা জাকির হোসেন তাঁদের বলেন, ঘুমন্ত অবস্থায় বিছানা থেকে তাঁর ছোট মেয়েকে তিনি ডোবার পাশে রেখে এসেছেন। পরে আজ সকাল সাড়ে ছয়টার দিকে স্থানীয় লোকজন ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করেন।
রাবেয়া খাতুন বলেন, তিনি যখন অন্তঃসত্ত্বা ছিলেন, তখন এই মেয়েটির লিঙ্গপরিচয় জানতে পেরে স্ত্রীর সঙ্গে ঝগড়া করেন জাকির হোসেন। সে সময় স্ত্রীকে গর্ভপাত করাতে জোর করেছিলেন তিনি।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান খন্দকার বলেন, জাকির হোসেনের পরিবারে দুটি কন্যাসন্তান রয়েছে। একাধিক কন্যাসন্তানের কারণে তিনি তাঁর ছোট মেয়েকে ঘুমন্ত অবস্থায় বিছানা থেকে তুলে নিয়ে হত্যা করে বাড়ির পাশের ডোবার মধ্যে ফেলে রাখেন। তাঁকে আদালত থেকে অনুমতি নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। নিহত শিশুর লাশ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।