ক্রেতার ভিড় নেই, ছোট গরুর চাহিদা বেশি 

এবার জেলায় কোরবানির পশুর চাহিদা ৯০ হাজার ৬২টি। প্রস্তুত রয়েছে ১ লাখ ৩৫ হাজার ৩৯২টি। 

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভিন্ন জেলা থেকে ব্যাপারীরা কম আসায় এখনো পশুর হাট জমেনি। গত রোববার পঞ্চগড়ের জালাসী এলাকায় রাজনগর পশুর হাটে
ছবি: প্রথম আলো

কোরবানির ঈদের দিন ঘনিয়ে এলেও পঞ্চগড় জেলার সবচেয়ে বড় পশুর হাট রাজনগর হাট এখনো জমে ওঠেনি। গরু বেচাকেনা কম হচ্ছে। যেটুকু কেনাবেচা হচ্ছে, এর মধ্যে ক্রেতাদের নজর বেশি দেশি ছোট  গরুর দিকে। 

জেলার বিভিন্ন এলাকায় গরুর লাম্পি স্কিন রোগ (এলএসডি) ছড়িয়ে পড়া, শহরের ক্রেতাদের কোরবানির পশু কিনে রাখা ব্যবস্থা না থাকা, ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে ব্যাপারীরা কম আসায় এখনো পশুর হাট জমেনি বলে বলছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে শেষ সময়ে পশুর হাটগুলো জমে উঠবে বলে আশা তাঁদের। 

এ সম্পর্কে ভারপ্রাপ্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুর রহিম বলেন, জেলার কিছু কিছু এলাকায় বাছুর লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়েছিল। এখন এই রোগ নিয়ন্ত্রণে এসেছে। কোরবানির ক্ষেত্রে এই রোগ কোনো প্রভাব ফেলবে না। এ ছাড়া লাম্পি স্কিন রোগ নিয়ন্ত্রণে ইতিমধ্যে এক লাখ ভ্যাকসিন পাওয়া গেছে। এর মধ্যে ৯০ হাজার গরুকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। 

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, পঞ্চগড়ে এবার কোরবানির পশুর (গরু, মহিষ, ছাগল ও ভেড়া) চাহিদা ৯০ হাজার ৬২টি। জেলায় ১৩ হাজার ৬৭০ জন ছোট-বড় খামারির মাধ্যমে কোরবানিযোগ্য পশু প্রস্তুত রয়েছে ১ লাখ ৩৫ হাজার ৩৯২টি। এর মধ্যে গরু ও মহিষের সংখ্যা ৪০ হাজার ৪৬০ এবং ছাগল ও ভেড়ার সংখ্যা ৯৪ হাজার ৯৩২।  

কিছু এলাকায় বাছুর লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়েছিল। এখন এই রোগ নিয়ন্ত্রণে এসেছে। কোরবানির ক্ষেত্রে এই রোগ কোনো প্রভাব ফেলবে না।
আবদুর রহিম, ভারপ্রাপ্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা

গত রোববার জেলা শহরের জালাসী এলাকায় রাজনগর হাটে গিয়ে দেখা যায়, সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে পিকআপ ভ্যান ও নছিমন-ভটভটিতে করে গরু নিয়ে আসেন বিক্রেতারা। মাঠের এক পাশে গরু ও অন্য পাশে বিক্রি করা হচ্ছে ছাগল। ক্রেতারা ঘুরেফিরে দামদর করে কিনছেন ছোট ও মাঝারি আকৃতির ষাঁড়। অনেকেই আবার কিনছেন মাঝারি আকৃতির বলদ ও গাভি। এ ছাড়া অসুস্থ ও গর্ভবতী গাভি শনাক্তের জন্য প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে বসানো হয়েছে ভেটেরিনারি ক্যাম্প।

সদর উপজেলার চাকলাহাট থেকে গরু বিক্রি করতে এসেছেন আবুল কালাম। তিনি রোববার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘খামারিদের কাছ থেকে গরু কিনে হাটে বিক্রি করি। ৬টি মাঝারি আকারের ষাঁড় গরু নিয়ে এসেছি। একটি বিক্রি করেছি ৬৮ হাজার টাকায়। হাটে ক্রেতার সংখ্যা কম। মানুষের মধ্যে গরুর অসুখের একটা ভয় ঢুকেছে। এ জন্য হয়তো অনেকে শেষ সময়ে কোরবানির গরু কিনবেন। এ ছাড়া এবার হাটে বাইরে থেকে আসা পার্টি (ব্যাপারী) কম।’

হাড়িভাসা এলাকা থেকে আসা গরু বিক্রেতা আমিনুর রহমান বলেন, ‘বড় একটি বলদ বিক্রি করতে এসেছি। দাম চাচ্ছি দেড় লাখ টাকা। দাম উঠেছে ১ লাখ ৩৫ হাজার টাকা। এখনো হাট জমেনি। যে কয়েকজন ক্রেতা আসছেন, তাঁরা বড় গরু কিনতে চান না।’ 

গরু কিনতে আসা শামসুজ্জামান বলেন, ‘হাটে এসেছি গরুর দাম দেখতে। শহরে তো রাখার তেমন জায়গা নেই, এ জন্য শেষ সময়েই কিনতে হবে।’ তিনি আরও বলেন, গরুর হাটে যদি গরু পরিমাপের জন্য একটি ডিজিটাল স্কেলের ব্যবস্থা করা হয়, তাহলে ওজন দেখে দাম করা যেত। এতে ক্রেতাদের জন্য সুবিধা হতো।

আরাফাত হোসেন নামের একজন ক্রেতা বলেন, হাটে গরু কম উঠেছে। মানুষও কম কিনছেন। বিভিন্ন এলাকায় গরুর অসুখের কথা শোনা যাচ্ছে। এ জন্য অনেকে ভেবেচিন্তে শেষ সময়েই হয়তো কিনবেন।

রাজনগর পশুর হাটের ইজারাদার মোশারফ হোসেন বলেন, আগের বছরগুলোয় এ সময় প্রতি হাটে ৪-৫ হাজার গরু উঠত। বিক্রিও হতো বেশ। রোববারের হাটে ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার গরু উঠেছে। তবে শেষ সময়ে পশুর হাট জমে উঠবে বলে আশা করছি।