এই সমস্যার কিছুটা তৈরি করা: জ্বালানিসংকট প্রসঙ্গে ফখরুল
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিশ্বে হঠাৎ একটা দুর্যোগ এসে গেছে। ইরান, আমেরিকা, ইসরায়েলের মধ্যে যুদ্ধ সমগ্র বিশ্বকে ক্ষতিগ্রস্ত করেছে। বাংলাদেশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের এখানে তেলের দাম বেড়ে গেছে। আমি আসতে আসতে দেখলাম, পেট্রলপাম্পগুলোয় অনেক মোটরসাইকেল। এটা একটা সমস্যা তৈরি হয়েছে। কিন্তু এই সমস্যা তেল কমের জন্য নয়, সরবরাহ কমের জন্য নয়, এই সমস্যার কিছুটা তৈরি করা।’
আজ শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকার মির্জা রুহুল আমিন মিলনায়তনে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘দুঃখজনকভাবে কিছু মানুষ এখানে অনৈতিক ব্যবসা শুরু করেছে, যা আমাদের দেশের জন্য, জাতির জন্য ক্ষতিকারক। আমি প্রশাসনকে বলেছি, এটার দিকে নজর দিতে হবে। কেউ যেন কোনোভাবেই এই দুর্যোগের সময়ে দুর্নীতি করে তেল বিক্রি করে ফায়দা লুটতে না পারে, তার ব্যবস্থা করতে হবে।’
জনগণকে বিচলিত না হওয়ার অনুরোধ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আপনারা কখনো অন্যায়কে প্রশ্রয় দেবেন না। আপনারা কখনো যারা মিথ্যা বলে, মিথ্যা প্রচারণা করে, তাদের প্রশ্রয় দেবেন না। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে একটা শ্রেণি সৃষ্টি হয়েছে, যারা স্থিতিশীলতা নষ্ট করতে চায়। আমরা ঐক্যবদ্ধভাবে একটা ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করেছি। একটা সুন্দর বাংলাদেশ তৈরির জন্য যারা প্রাণ দিয়েছে, সেটার মূল্য আমাদের দিতে হবে না? সেটার পুরস্কার দিতে হবে না? বাংলাদেশকে একটা শান্তিময়, স্থিতিশীল উন্নত বাংলাদেশ গড়ে তোলাই হলো সেই পুরস্কার।’
ঠাকুরগাঁওয়ে চলমান উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ‘এখানে একটি মেডিক্যাল কলেজের প্রাথমিক কাজ শুরু হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের জন্য রোববার ভাইস চ্যান্সেলর নিয়োগ হবে। এরপর বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হবে। ইঞ্জিনিয়ারিং কলেজের কাজ চলছে। বিমানবন্দর চালুর প্রাথমিক কাজ শুরু করে দিয়েছি। দিনাজপুর-পঞ্চগড় মহাসড়ক চার লেন করার কাজ শুরু করেছি। ঠাকুরগাঁও শহরের বাইপাসের কাজও হাতে নেওয়া হয়েছে। রুহিয়া থানাকে উপজেলা হিসেবে ঘোষণার অনুমোদন পেয়ে যাব। ভুল্লী থানাকে উপজেলায় রূপান্তরের কাজ প্রায় শেষ পর্যায়ে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মান উন্নয়নে কাজ শুরু করেছি।’
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ঘূর্ণিঝড়-শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় ও জেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ঢেউটিন, চেক ও বরাদ্দপত্র বিতরণের উদ্দেশ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে মির্জা ফখরুল ছাড়াও ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক রফিকুল হক, জেলা প্রশাসক (সার্বিক) গোলাম ফেরদৌস বক্তব্য দেন।