ট্রাকের ধাক্কায় সড়কে হেলে পড়েছে বিদ্যুতের খুঁটি

ডাম্প ট্রাকের ধাক্কায় রাস্তায় হেলে পড়েছে বিদ্যুতের দুটি খুঁটি। গাজীপুরের শ্রীপুরের মাস্টারবাড়ি-শ্রীপুর সড়কের দক্ষিণ ভাংনাহাটি এলাকায়
ছবি: প্রথম আলো

গাজীপুরের শ্রীপুরের মাস্টারবাড়ি-শ্রীপুর সড়কে বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় রাস্তায় হেলে পড়েছে বিদ্যুতের দুটি খুঁটি। উপজেলার দক্ষিণ ভাংনাহাটি গ্রামে আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে। সন্ধ্যা পর্যন্ত ওই সড়কে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছিল। বিকল্প পথে যানবাহন চলাচল করছিল। সেই সঙ্গে বন্ধ আছে আশপাশের বিদ্যুৎসংযোগ।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সকাল ১০টার দিকে শ্রীপুর থেকে গড়গড়িয়া মাস্টারবাড়ি অভিমুখী ডাম্প ট্রাক দক্ষিণ ভাংনাহাটি এলাকার ইউনিলায়েনস পোশাক কারখানার সামনে বিদ্যুতের একটি খুঁটিতে ধাক্কা দেয়। এতে খুঁটিটি সড়কের মাঝ বরাবর হেলে পড়ে। হেলে পড়া খুঁটির সঙ্গে যুক্ত পাশের আরও একটি খুঁটি সড়কে আছড়ে পড়ে। ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যক্তিগত গাড়ির সঙ্গে ড্রাম্প ট্রাকের সংঘর্ষ হয়। এতে ব্যক্তিগত গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

শ্রীপুর থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সামিয়া প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় সড়কে বিদ্যুতের খুঁটি আছড়ে পড়েছে। দুর্ঘটনাস্থলের পাশের বিকল্প একটি অংশ দিয়ে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

শ্রীপুর পল্লী বিদ্যুৎ অফিসের নির্বাহী কর্মকর্তা (ডিজিএম) রফিক আজাদ জানান, দুর্ঘটনাকবলিত খুঁটি দুটি সড়ক থেকে সরিয়ে সেখানে নতুন দুটি খুঁটি বসাতে সময় লাগবে। পল্লী বিদ্যুতের কর্মীরা এ সমস্যা সমাধানে কাজ করছেন। ভাঙা পুলের জায়গায় দুটি নতুন পুল স্থাপনের পর বিদ্যুৎসংযোগ দেওয়া হবে।