কুষ্টিয়া থেকে ফরিদপুর ও খুলনা রুটে সরাসরি বাস চলাচল বন্ধ
বাসশ্রমিকদের মারধরের ঘটনার জেরে কুষ্টিয়া-ফরিদপুর ও কুষ্টিয়া-খুলনা রুটে আজ শুক্রবার সকাল থেকে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ এ ‘ধর্মঘটের’ কারণে কুষ্টিয়া থেকে খুলনা ও ফরিদপুরে চলাচলকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পরিবহন নেতাদের বৈঠক শেষে এ দুই রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়। কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি মো. আখতারুজ্জামান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিবহনসংশ্লিষ্ট পাঁচটি সংগঠনের শীর্ষ নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁদের কার্যালয়ে বৈঠক করে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেন। আগামী রোববারের মধ্যে তাঁদের দাবি না মানা হলে সব কটি রুটে যান চলাচল বন্ধ করবেন।
মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঝিনাইদহ মোটর শ্রমিক নেতারা বাসের নতুন ট্রিপ চাচ্ছেন। এটা নিয়েই মনোমালিন্য সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে মালিকেরা ঝিনাইদহের কালীগঞ্জে বৈঠক করেন। এ সময় সেখানে বাসের স্টাফদের মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এমন অবস্থায় বাস শ্রমিক মালিক গ্রুপ উভয় মিলে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়।
পরিবহন মালিক শ্রমিকদের এমন সিদ্ধান্তের কারণে খুলনা থেকে কুষ্টিয়ায় কোনো বাস আসছে না। কুষ্টিয়া থেকেও বাস খুলনায় যাচ্ছে না। একই সঙ্গে ফরিদপুর রুটেও বাস চলাচল বন্ধ রয়েছে।
কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি মো. আখতারুজ্জামান বলেন, বাসের স্টাফদের মারধরের ঘটনায় জড়িত ব্যক্তিদের আগামী রোববারের মধ্যে পুলিশ গ্রেপ্তার না করলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।