কারারক্ষী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, কেরানীগঞ্জে এক্সপ্রেসওয়ে অবরোধ

কারারক্ষী নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে অবরোধ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে

কারারক্ষী নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে কয়েক দফা অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েক শ পরীক্ষার্থী। এতে প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এক্সপ্রেসওয়ের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে এ ঘটনা ঘটে। পরে বেলা একটার দিকে আবার এক্সপ্রেসওয়ে অবরোধ করেন বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শী ও পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ কারারক্ষী পদে শারীরিক পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষা চলাকালে উচ্চতা ও শারীরিক সক্ষমতার মূল্যায়নে অনিয়ম করা হচ্ছে, এমন অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন অনেক পরীক্ষার্থী। একপর্যায়ে বাদ পড়া পরীক্ষার্থীদের একটি অংশ কারাগারের ভেতর থেকে বের হয়ে এসে ঢাকা–মাওয়া মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দিলে তাঁরা এক ঘণ্টার মধ্যে সমস্যা সমাধানের আলটিমেটাম দেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো সমাধান না হওয়ায় তাঁরা আবারও সড়কে নেমে আসেন। একপর্যায়ে তাঁরা নিয়োগ পরীক্ষা বাতিল করে আবার পরীক্ষা নেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এরপর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

ভোলা থেকে আসা পরীক্ষার্থী ইমরান হোসেন অভিযোগ করেন, শারীরিক পরীক্ষায় ব্যাপক অনিয়ম হয়েছে। ছেলেদের ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি ও মেয়েদের ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি উচ্চতা থাকার কথা। কিন্তু এখানে নিয়ম না মেনে যাঁদের খুশি, তাঁদের বাদ দেওয়া হয়েছে।

আরেক পরীক্ষার্থী সুমন সরকার বলেন, ‘আমার উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি। তারপরও আমাকে বাদ দেওয়া হয়েছে। অথচ আমার চেয়ে কম উচ্চতার অনেকে টিকে গেছেন। আমি গরিব মানুষ। ধার করে টাকা এনে পরীক্ষা দিতে এসেছি। আমাদের অন্যায়ভাবে বাদ দেওয়ায় বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। আমরা চাই, এই নিয়োগ পরীক্ষা বাতিল করে আবার স্বচ্ছভাবে পরীক্ষা নেওয়া হোক।’

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক লিয়াকত হোসেন বলেন, ‘বিক্ষুব্ধ পরীক্ষার্থীদের সড়ক অবরোধের খবর জানতে পেরে তৎক্ষণাৎ ঘটনাস্থলে আসি। পরীক্ষার্থীদের অবরোধের কারণে সড়কে তীব্র যানজট শুরু হয়। পরে তাঁদের সঙ্গে কয়েক দফা কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করা হয়। একপর্যায়ে তাঁরা আবারও সড়ক অবরোধের চেষ্টা করলে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি। পরে যান চলাচল স্বাভাবিক হয়।’

এদিকে নিয়োগ পরীক্ষার দায়িত্বে থাকা কর্মকর্তাদের পক্ষ থেকে অনিয়মের অভিযোগ অস্বীকার করা হয়েছে। সহকারী কারা মহাপরিদর্শক জান্নাতুল ফরহাদ বলেন, আজ কারারক্ষী পদে নারী ও পুরুষদের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সারা দেশ থেকে প্রায় ৪৬ হাজার ৬০০ পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে ৪৫০ পুরুষ ও ২২ নারী নিয়োগ দেওয়া হবে। কেরানীগঞ্জে ২ হাজার ৬১৩ পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যে ১ হাজার ১১৪ জন উপস্থিত ছিলেন।

জান্নাতুল ফরহাদ আরও বলেন, শারীরিক পরীক্ষায় উচ্চতা, ওজন, দৌড়, পুশআপ, লং জাম্পসহ কয়েকটি ধাপে মূল্যায়ন করা হচ্ছে। যাঁরা যোগ্য, তাঁরাই নির্বাচিত হয়েছেন। প্রতিটি ধাপে অযোগ্য প্রার্থীরা বাদ পড়েছেন। কাউকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়নি। যাঁরা পরীক্ষায় বাদ পড়েছেন, তাঁরাই এখন সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন এবং মিথ্যা অভিযোগ তুলে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন।