দাউদকান্দিতে বাস, ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে আহত ৪০

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

কুমিল্লার দাউদকান্দিতে যাত্রীবাহী বাস, ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার স্বল্পপেন্নাই এলাকায় রাবেয়া সিএনজি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত ব্যক্তিদের মধ্যে ট্রাকচালক মাসুদ আলম (৪০), বাসের যাত্রী আবদুল হক (৪৫), ছোঁয়া আক্তার (২০), ফরিদ আহমেদ (৪৭), জুলেখা আক্তার (১৯), শাম্মী আক্তার (২৫), ঢাকার সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী ফাতেমাতুজজোহরা জুহা (২০) ও মোটরসাইকেলচালক তূর্য মিয়াকে (১৭) আশঙ্কাজনক অবস্থায় প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকায় পাঠানো হয়েছে। ১৭ মাসের শিশু তানজিন আক্তার, জুথিকা আক্তার (৩৫) ও রাসেল মিয়াকে (২২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

উল্টো পথে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির।

আহত ব্যক্তিদের মধ্যে রাসেল মিয়া নামের একজন বাসযাত্রী বলেন, এশিয়া পরিবহনের বাসটি ৪০–৫০ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে কুমিল্লায় যাচ্ছিল। রাবেয়া সিএনজি ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী একটি মোটরসাইকেল বিভাজক অতিক্রম করে কুমিল্লার দিকে যাচ্ছিল। এ সময় বাসটি সেখানে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এরপর উল্টো পথে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। বাসটি একপর্যায়ে সড়কে আড়াআড়িভাবে থেমে যায়। তাঁরা অনেকে আহত হয়েছেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া থেকে জিংলাতলী পর্যন্ত তিন কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ফায়ার সার্ভিস দাউদকান্দি কার্যালয়ের ইনচার্জ মো. রাসেল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করেছেন তাঁরা।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম ঘটনাস্থল থেকে মুঠোফোনে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছি। পরে যানজট নিরসনে এবং যানবাহন চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’