কুষ্টিয়ার কুমারখালী
ভাটায় যাচ্ছে পদ্মাতীরের মাটি
ফসলের চেয়ে ভাটায় মাটি–বালু বিক্রি করে বেশি টাকা পাওয়া যাচ্ছে। এ জন্য কৃষকেরা মাটি ও বালু বিক্রি করছেন।
দু-তিন বছর আগেও পদ্মা নদীর তীর ঘেঁষে কয়েক হাজার বিঘা জমিতে বাদাম, মসুর, তিল ও শর্ষের আবাদ করতেন কৃষকেরা। তবে ফসলের চেয়ে ইটভাটায় মাটি ও বালু বিক্রি করে বেশি টাকা পাওয়া যাচ্ছে। এ জন্য কৃষকেরা ইটের ভাটায় মাটি ও বালু বিক্রি করছেন।
এই চিত্র কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগ্রাম, ছোট মাজগ্রাম ও জুড়ালপুর এলাকার। এতে কৃষিজমির পরিমাণ কমে যাচ্ছে। অন্যদিকে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিচ্ছে। উপজেলা প্রশাসন বলছে, কৃষিজমির মাটি ও বালু কাটলে জমির শ্রেণি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। জমির শ্রেণি পরিবর্তন করা সরকারিভাবে সম্পূর্ণ নিষিদ্ধ।
গত শুক্রবার শিলাইদহ ইউনিয়নের মাজগ্রাম, ছোট মাজগ্রাম ও জুড়ালপুর এলাকায় গিয়ে দেখা গেছে, পদ্মা নদীর তীর ঘেঁষে বিস্তীর্ণ চর জেগেছে। সেখানে শর্ষে, মসুর, কলাগাছসহ বিভিন্ন ফসলের আবাদ করা হয়েছে। সেখানে অন্তত ১৫টি খননযন্ত্র (এক্সকাভেটর) দিয়ে মাটি ও বালু কাটা হচ্ছে। শ্যালো ইঞ্জিনচালিত লাটাহাম্বা, ট্রলি, মাহিন্দ্রাসহ বিভিন্ন গাড়িতে করে ইটভাটায় নেওয়া হচ্ছে।
এ সময় কথা হয় মাজগ্রামের কৃষক সুলতান খানের সঙ্গে। তিনি বলেন, এখানে তাঁর প্রায় ৯০ শতক জমি রয়েছে। জমিতে দু-তিন বছর আগে বাদামের চাষ করতেন। কিন্তু চাষের চেয়ে মাটি বিক্রিতে লাভ বেশি। বর্তমানে সবাই চাষাবাদ বন্ধ করে ভাটায় মাটি বিক্রি করছেন। তিনিও প্রতি ৩৩ শতক জমির মাটি এক লাখ টাকায় বিক্রি করেছেন।
একই এলাকার আবুল হোসেন নামের আরেক কৃষক বলেন, আগে সবাই চাষাবাদ করতেন। কিন্তু চাষে তেমন লাভ হয় না। তিনি প্রতি বিঘা জমির মাটি ও বালু ৯০ হাজার টাকা করে বিক্রি করেছেন।
শিলাইদহ ইউনিয়নে বর্তমানে ১২টি ইটভাটা রয়েছে। পাঁচ বছর আগেও ইউনিয়নে ভাটার সংখ্যা ছিল দু-তিনটি। ভাটার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পদ্মাতীরের অনেক কৃষক চাষাবাদ বন্ধ করে ভাটায় মাটি ও বালু বিক্রি করছেন। এতে অন্য কৃষকদের চাষাবাদ ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে জুড়ালপুর গ্রামের কৃষক কুদ্দুস আলী বলেন, আগে চরজুড়ে বাদাম, শর্ষে, তিল, মসুরসহ হরেক রকম ফসল চাষাবাদ করা হতো। কিন্তু ভাটা বেশি হওয়ায় এখন মাটির দাম বেশি। তাই সবাই ভাটায় মাটি বিক্রি করছেন।
কৃষক শাকিল হোসেন বলেন, তাঁর চার বিঘা জমিতে কলার চাষ রয়েছে। কিন্তু বালুমাটিতে ফসল ভালো হচ্ছে না। তাই কলাগাছ কেটে বালু বিক্রি করেছেন।
জানতে চাইলে একটি ইটভাটার মালিক রানা জোয়ারদার বলেন, কৃষকদের কাছ থেকে প্রতি বিঘা জমির মাটি এক লাখ টাকায় কিনছেন। এতে কৃষকদের সম্মতি রয়েছে।
ইউনিয়নের কল্যাণপুর গ্রামে এমএসবি ব্রিকসের মালিক ফজলুর রহমান বলেন, পদ্মা নদীর তীরে তাঁর প্রায় ২০ বিঘা জমি রয়েছে। জমিতে ফসল ভালো হয় না। তাই নিজের জমি থেকে ভাটায় মাটি নিচ্ছেন।
কৃষি বিভাগ ও স্থানীয় ব্যক্তিরা বলছেন, কৃষি ও কৃষিজমি রক্ষায় মাটি কাটা বন্ধ করা এবং দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা দরকার। জুড়ালপুর গ্রামের আমির হোসেন বলেন, চাষাবাদ করলেই পদ্মার চরে ভালো ফসল ফলানো সম্ভব। কিন্তু কিছু অসাধু ভাটার মালিক ও কৃষক আইন অমান্য করে বালু ও মাটি কেনাবেচা করছেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাইসুল ইসলাম বলেন, কয়েক বছর আগে সেখানে বাদামসহ বিভিন্ন তেলজাতীয় ফসলের চাষাবাদ হতো। সরকার কৃষির উৎপাদন বাড়াতে প্রণোদনার ব্যবস্থা করেছে। কিন্তু ইটভাটার কারণে কৃষিজমি ও উৎপাদন কমে যাচ্ছে।
সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত বলেন, কৃষিজমির মাটি ও বালু কাটলে জমির শ্রেণি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর জমির শ্রেণি পরিবর্তন করার বিষয়ে সরকারি বিধিবিধান রয়েছে। মাটি কাটার বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।