রাজশাহী সিটির ওয়ার্ড পরিক্রমা (২৯ নম্বর ওয়ার্ড)
জলাবদ্ধতা, মশা ও মাদকের সমস্যা
ডাঁশমারী ও খোঁজাপুর এলাকা নিয়ে ২৯ নম্বর ওয়ার্ড। এর মধ্যে খোঁজাপুরের মোল্লাপাড়া এলাকায় একটি নালার মুখ বন্ধ হয়ে থাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে।
সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। অনেক সময় বাড়িঘরে পানি ওঠে। রয়েছে মশার উপদ্রব। আছে মাদকের ছড়াছড়ি। অনেক স্থানে রাস্তা খুব সরু। দিনের পর দিনে এসব সমস্যা বিরাজ করায় দুর্ভোগ পোহাচ্ছেন রাজশাহী সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।
২৯ নম্বর ওয়ার্ডের খোঁজাপুরের মোল্লাপাড়া এলাকায় নালার নোংরা পানি উপচে পড়ে। সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। অনেক সময় বাড়িঘরে পানি ওঠে। রয়েছে মশার উৎপাত। এখানে নালার মুখ বন্ধ হয়ে থাকায় দুই বছর ধরে পানি চলাচল বন্ধ রয়েছে। এ বিষয়ে এই এলাকার পারভিন আক্তার বলেন, ‘দুই বছরের বেশি সময় ধরে ড্রেনটির এ অবস্থা। পানি (বৃষ্টি) হলে সব বাড়ির ভেতরে ঢুকে যায়। খুব কষ্টে থাকি আমরা।’ ড্রেন–লাগোয়া বাড়ির বাসিন্দা মো. শান্ত বলেন, ‘এই এলাকার পানি উত্তর দিকে প্রবাহিত হয়। ২৮ ও ২৯ নম্বর বাড়ির মাঝামাঝি পুকুরপাড়ে ড্রেনটি ভেঙে গেছে। সেই থেকে ড্রেনের মুখ বন্ধ করা হয়েছে। ড্রেনে ময়লা জমে থাকা দুর্গন্ধে টেকা যায় না।’
রাজশাহী সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ড কার্যালয় সূত্র জানায়, ডাঁশমারী ও খোঁজাপুর এলাকা নিয়ে গড়ে উঠেছে ২৯ নম্বর ওয়ার্ড। বাসিন্দা ২০ হাজারের মতো। তবে ভোটার ১৪ হাজারের একটু বেশি। ওয়ার্ডের অলিগলি—সর্বত্র রাস্তা, নালা হয়েছে। ওয়ার্ডে কাঁচা রাস্তা নেই বললেই চলে।
খোঁজাপুরের মোল্লাপাড়া এলাকাসহ ২৯ নম্বর ওয়ার্ডের আরও বেশ কয়েকটি জায়গায় জলাবদ্ধতা তৈরি হয় বলে বাসিন্দারা জানান। এ বিষয়ে খোঁজাপুরের মধ্যপাড়া এলাকায় কথা হয় সাদেক আলী ও তাঁর স্ত্রী রোকেয়া আক্তারের সঙ্গে। রোকেয়া বলেন, বর্ষাকালে বৃষ্টি হলে তাঁর বাড়িতে পানি ওঠে। নালা উপচে পানি ঘরে ঢুকে যায়। জলাবদ্ধতা থেকে বাঁচতে এবার ইটের দেয়াল তুলেছেন। সাদেক আলী বলেন, এখানের নালা খুব সরু। আর পরিকল্পনার অভাব রয়েছে। এ কারণে জলাবদ্ধতা হয়।
রাজশাহী সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডটি মাদকের এলাকা হিসেবে দুর্নাম রয়েছে। ওয়ার্ডের বাসিন্দারা বলছেন, একসময় প্রকাশ্যে এই এলাকায় মাদক বিক্রি হতো। বর্তমানে সেই পরিস্থিতি নেই। এখন অতি গোপনে মাদক বিক্রি করা হয়। সন্ধ্যা হলেই বিভিন্ন এলাকা থেকে লোকজন মোটরসাইকেল নিয়ে কৌশলে মাদক নিয়ে যায়।
খোঁজাপুর ও ডাঁশমারী এলাকায় এ নিয়ে বেশ কয়েকজনের সঙ্গে কথা হয়। এ নিয়ে প্রশ্ন করা হলে কেউ কেউ উল্টো জিজ্ঞাসা করে থাকেন, ‘আপনি জেনে কী করবেন।’ খোঁজাপুর এলাকায় একটি দোকানের পাশে দাঁড়াতেই এই প্রতিবেদককে এক দোকানি বলেন, ‘সন্ধ্যার দিকে আসেন।’ এলাকার ভেতরে বাড়িতেই ছোট ছোট মুদি ও কাঁচামালের দোকান। বিক্রি কেমন হয় জানতে চাইলে ইতিবাচক উত্তর আসে। এলাকার কয়েকজন জানান, এগুলোর আড়ালে মাদক বিক্রি চলে। আনোয়ার হোসেন নামের এক বাসিন্দা বলেন, এই এলাকায় মাদক বিক্রি হয়। তিনি জানান, আগে সবার সামনে মাদক বিক্রি হতো, এখন খুব কৌশলে মাদক বিক্রি হয়।
গত বুধবার ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, এলাকার সর্বত্র নতুন রাস্তা ও নালা হয়েছে। কোনো কোনো রাস্তা ও নালা খুব সরু, আবার কোনোটি বেশ চওড়া। এলাকায় দুটি কবরস্থান ও চারটি ঈদগাহ রয়েছে। ২৫টি মসজিদেরও বেশ উন্নয়ন হয়েছে।
জলাবদ্ধতা, সরু রাস্তা ও নালার সমস্যার বিষয়ে কাউন্সিলর মো. মাসুদ রানা বলেন, ‘২৯ নম্বর ওয়ার্ডটি রাজশাহী সিটি করপোরেশনের সবচেয়ে পিছিয়ে পড়া ওয়ার্ড ছিল। এখানে রাস্তা ও ড্রেন কিছুই ছিল না। ওয়ার্ডের লোকজন বাড়িতেই গর্ত করে পানি জমা রেখে পরে তা বাইরে ফেলতেন। এখন বাড়ির পাশেই ড্রেনে পানি চলে যায়। গত ৫ বছরে প্রায় ৫০ কোটি টাকার কাজ হয়েছে এখানে। এখনো কাজ চলছে।