নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার খাদে, দম্পতি নিহত
নওগাঁর মহাদেবপুর উপজেলায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে এক দম্পতি নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে নওগাঁ-রাজশাহী মহাসড়কের নওহাটা মোড় এলাকায় ফয়েজ উদ্দিন কোল্ড স্টোরেজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দম্পতি হলেন—ওগাঁর মান্দা উপজেলার কুলিহার গ্রামের আবদুল খালেকের ছেলে শিমুল হোসেন (৩২) ও তাঁর স্ত্রী জিনিয়া খাতুন (২৬)।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বরাত দিয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজম উদ্দিন মাহমুদ বলেন, আজ বেলা একটার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের নওহাটা মোড় এলাকায় ফয়েজ উদ্দিন কোল্ড স্টোরেজের পাশে নির্মাণাধীন প্যাডি সাইলো থেকে মাটি বহনকারী ট্রাক্টর সড়কের পশ্চিম পাশ থেকে রাস্তার ওপর উঠছিল। নওগাঁগামী প্রাইভেট কারটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। প্রাইভেট কারটি সড়কের পূর্ব পাশের খাদে পড়ে গিয়ে পানিতে তলিয়ে যায়। দুর্ঘটনার প্রায় আধঘণ্টা পর নওগাঁ সদর ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে খাদে পড়া গাড়ির ভেতর থেকে ওই দম্পতিকে উদ্ধার করে। ওই দুজনকে ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ আধুনিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
এর আগে গত ২৪ জুন একই স্থানে সাইলো থেকে মাটি বহনকারী ট্রাক্টর সড়কের ওঠার সময় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সঙ্গে সংঘর্ষে চার শিক্ষকসহ পাঁচজন নিহত হন।