খটখট শব্দ থেমে যাচ্ছে, তাঁতিরা ছুটছেন অন্য পেশায়

তাঁতের সুতা গোছাচ্ছেন তাঁতি দীপ্তি রানী। সম্প্রতি ঠাকুরগাঁওয়ের ভুল্লি উপজেলার কিসমত কেশুরবাড়ি গ্রামেছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলা ১১টা। ঠাকুরগাঁও জেলা সদর থেকে ১৬ কিলোমিটার উত্তরে ভুল্লি উপজেলার কিসমত কেশুরবাড়ি গ্রাম।\\B \\Bএকসময় গ্রামটির পরিচিত ছিল তাঁতশিল্পের জন্য। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় প্রতিটি বাড়িতে শোনা যেত তাঁতের খটখট শব্দ। সেই শব্দে মুখর থাকত পুরো গ্রাম। এখন গ্রামজুড়ে অনেকটা নীরবতা। রাস্তাঘাটেও মানুষের চলাচল কম।

গ্রামের একটি কাঁচা রাস্তার পাশে রঘুনাথের বাড়ি। বাড়ির বারান্দায় পড়ে আছে তাঁতযন্ত্র। উঠানের এদিক-ওদিক পড়ে আছে সুতা গোছানোর চরকা। বাড়িতে কাউকে না পেয়ে পাশের বাড়ির এক নারীর কাছে তাঁর খোঁজ নিলে তিনি বললেন, ‘দাদা, তাক অ্যালা পাবেননি। মাঠত কাজ করিবা গেইছে।’

ওই নারীর দেখানো পথে প্রায় আধা কিলোমিটার এগোতেই দেখা গেল, ধান কাটছেন একদল শ্রমিক। তাঁদের মধ্যেই রয়েছেন রঘুনাথ। একসময় যাঁর জীবিকা ছিল তাঁত বোনা, এখন তাঁকে অন্যের জমিতে শ্রমিকের কাজ করতে হচ্ছে। তাঁতের কথা তুলতেই গেয়ে উঠলেন একটি গান, ‘ওরে...তাঁতের ব্যবসা বন্ধ করিয়া/ আমরা ধরছি জন খাটিবা। দাদারে...ওরে দাদা...।’ গাইতে গাইতে থেমে গেলেন রঘুনাথ।

রঘুনাথ বলেন, একসময় কেশুরবাড়ির তাঁতের কম্বলের সুনাম ছিল। নব্বইয়ের দশকে এ গ্রামে ঝুটের উল দিয়ে কম্বল তৈরি হয়। পরে দ্রুত বদলে যায় গ্রামের তাঁতশিল্প। শাড়ি, গামছা ও চাদর তৈরির পরিবর্তে তাঁতিরা কম্বল বুনতে শুরু করেন। গ্রামের প্রায় ৫০০ পরিবারের প্রধান পেশা হয়ে ওঠে তাঁত বোনা। বগুড়ার শাওল বাজার থেকে ঝুটের উল কিনে কম্বল তৈরি করতেন তাঁতিরা। প্রায় প্রতিটি বাড়িতেই ছিল তাঁতযন্ত্র। কেশুরবাড়ির কম্বল নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ ও ফিচার প্রকাশিত হয়। বাড়তে থাকে পরিচিতি। একসময় এ গ্রাম থেকে ট্রাকভর্তি কম্বল দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করতে পাঠানো হতো। তাঁতিদের হাতে তখন কাজ ছিল, সংসারে ছিল সচ্ছলতা। সেটিই ছিল কেশুরবাড়ির তাঁতশিল্পের সোনালি যুগ।

তাঁতে লাভ নেই। তাই তাঁত ফেলে শ্রমিকের কাজ করছেন তাঁতি রঘুনাথ দেবনাথ। সম্প্রতি ভুল্লি উপজেলার কিসমত কেশুরবাড়ি গ্রামে
ছবি: প্রথম আলো

সেই সুদিন এখন আর নেই বলে জানালেন রঘুনাথ। কথা বলতে বলতে তিনি আরও বললেন, গত শীত মৌসুমে তিন মাস কম্বল বুনে বিক্রি করার পর তাঁর লাভ হয়েছে ২০ হাজার টাকা। এ কাজে তাঁকে তাঁর পরিবারের দুজন সহায়তাও করেছেন। তিন মাসের পরিশ্রমের তুলনায় এই আয় খুবই কম। লাভ না হওয়ায় অনেকেই তাঁত বন্ধ করে দিয়েছেন। এখন গ্রামে ৩০ থেকে ৪০টি পরিবারে তাঁত সচল আছে। এর মধ্যে পাঁচ-ছয়টি পরিবার নিয়মিত তাঁত চালায়। বাকিরা কৃষিশ্রমিক, ইটভাটার শ্রমিক বা রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করেন।

ফেরার পথে আবার কানে ভেসে এল তাঁতের খটখট শব্দ। শব্দের উৎস ধরে এগিয়ে দেখা গেল, বারান্দায় বসে কম্বল বুনছেন বৃদ্ধ ভবেশ দেবনাথ। প্রায় ৬০ বছর ধরে তাঁত বুনছেন তিনি। এখন আর আগের মতো আয় নেই জানিয়ে তিনি বলেন, ‘উলের দাম অনেক বেড়েছে। সেই তুলনায় কম্বল বিক্রি করে লাভ হয় না।’ পাশ থেকে সপিন দেবনাথ যোগ করলেন, ‘শুধু উলের দাম বাড়লেই তো সমস্যা নয়, কম্বল কেনার লোকও কমে গেছে। আগে কম্বলের যে দাম পাওয়া যেত, এখন সেই দামও পাওয়া যায় না।’

ভবেশের আক্ষেপ, ‘শীত এলেই সরকার অনেক কম্বল বিতরণ করে। সরকার যদি আমাদের হাতে বোনা কম্বলের দিকে একটু নজর দিত, তাহলে আমাদের তাঁতগুলো হয়তো টিকে থাকত।’

তাঁতের কম্বলে লাভ নেই। এরপরও তাঁত আঁকড়ে আছেন ভবেশ দেবনাথ। সম্প্রতি ভুল্লির কিসমত কেশুরবাড়ি গ্রামে
ছবি: প্রথম আলো

কয়েকটি বাড়ি পেরিয়ে বলাই চন্দ্রনাথের বাড়ি। সেখানে অবশ্য এখনো তাঁত বোনার ব্যস্ততা রয়েছে। তাঁর স্ত্রী ফুলরানী সুতা গোছাচ্ছেন, ছেলের বউ দীপ্তি রানী ঘোরাচ্ছেন চরকা। বলাই চন্দ্র জানালেন, তাঁরা এখনো বগুড়ার শাওল বাজার থেকে কম্বল তৈরির সুতা কিনে আনেন। কিন্তু সুতার দাম বেড়েছে কয়েক গুণ। তিন-চার বছর আগে প্রতি মণ সুতা কিনেছেন ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৫০০ টাকায়। এখন সেই সুতা কিনতে হচ্ছে প্রায় ৪ হাজার টাকায়। এতে কম্বল তৈরির খরচ অনেক বেড়ে গেছে। কিন্তু সেই অনুপাতে কম্বলের দাম বাড়েনি। আবার পুঁজির অভাবে আগের মতো বেশি পরিমাণে সুতা কিনে সারা বছর উৎপাদনও করতে পারছেন না তাঁতিরা। ফলে অনেকেই পেশা ছেড়ে দিয়েছেন।

ফুলরানী বলেন, ‘ছোটবেলা থেকে তাঁত বোনার কাজ করে আসছি। অন্য কোনো কাজ জানা নেই। তাই কষ্ট হলেও এই কাজ ধরে আছি।’

ছোটবেলা থেকেই পরিবারের সদস্যদের সঙ্গে কম্বল বুনতেন পঞ্চ দেবনাথ। তিন বছর আগে তাঁত বন্ধ করে দিয়েছেন তিনি। এখন কাজ করেন একটি পাটকলে। তাঁর মতো যগেন্দ্র দেবনাথ তাঁত ছেড়ে দিনমজুরের কাজ করছেন। তাঁতি শ্যামল দেবনাথ এখন ইজিবাইক চালান। উত্তম দেবনাথ বেছে নিয়েছেন ব্যবসা।

তাঁতের সুতা গোছাচ্ছেন তাঁতি ফুলরানী। পাশে তাঁতযন্ত্রে কম্বল বুনছেন বলাই চন্দ্র। সম্প্রতি কিসমত কেশুরবাড়ি গ্রামে
ছবি: প্রথম আলো

তাঁত ছেড়ে অন্য পেশায় যাওয়ার কারণ জানিয়ে মিঠুন দেবনাথ বলেন, ‘তাঁত বোর্ড থেকে একসময় তাঁতিরা ঋণ পেয়েছিলেন। সেই ঋণ পরিশোধের পর আর নতুন করে ঋণ দেওয়া হচ্ছে না। পুঁজির অভাবে তাঁত চালানো সম্ভব হচ্ছে না। তাই বাধ্য হয়ে তাঁত বন্ধ করে শ্রমিকের কাজ করতে হচ্ছে।’

কেশুরবাড়ির তাঁতশিল্পের এই সংকটের পেছনে শুধু কাঁচামালের মূল্যবৃদ্ধি নয়, রয়েছে পুঁজির অভাব, বাজার সংকট ও সরকারি ক্রয়ব্যবস্থায় স্থানীয় তাঁতিদের সুযোগ না পাওয়ার অভিযোগও। তাঁতিদের দাবি, সরকারি কম্বল বিতরণ কর্মসূচিতে তাঁদের তৈরি কম্বল কেনার ব্যবস্থা করা হলে একদিকে যেমন শীতার্ত মানুষের চাহিদা মেটানো সম্ভব হবে, অন্যদিকে বেঁচে যাবে গ্রামের ঐতিহ্যবাহী তাঁতশিল্প।

কেশুরবাড়ি তাঁতি সমিতির সাধারণ সম্পাদক নন্দন দেবনাথ বলেন, সরকার চাইলেই এই শিল্পকে বাঁচাতে পারে। প্রতিবছর সরকার যদি কেশুরবাড়ি থেকে অন্তত দুই লাখ কম্বল কেনে, তাহলে গ্রামের তাঁতগুলো টিকে থাকবে। তাঁতিরা নতুন করে কাজ শুরু করার সাহস পাবেন।

এলাকার শিক্ষক প্রদীপ দেবনাথের আশঙ্কা, এভাবে চলতে থাকলে একসময় গ্রামে তাঁতযন্ত্র খুঁজে পাওয়াও কঠিন হবে। তিনি বলেন, ‘এ এলাকার তাঁতিদের আগের মতো জৌলুশ নেই। যাঁরা এখনো এ পেশায় টিকে আছেন, তাঁদের অনেকের অন্য পেশায় যাওয়ার সামর্থ্য নেই। এই শিল্প বাঁচাতে হলে সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন। তা না হলে এখান থেকে তাঁতশিল্প হারিয়ে যাবে।’

বাংলাদেশ তাঁত বোর্ডের আওতাধীন দিনাজপুরের চিরিরবন্দরের বেসিক সেন্টারের লিয়াজোঁ কর্মকর্তা মখলেসুর রহমান বলেন, ‘একটি প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ের কেশুরবাড়িরর ১৬৮ জন তাঁতিকে ১ কোটি ১৩ লাখ ৭০ হাজার টাকা বোর্ড থেকে ঋণ দেওয়া হয়েছিল। ঋণের ৬৫ শতাংশ পরিশোধ হয়েছে। সেই প্রকল্পটির মেয়াদ গত জুনে শেষ হয়ে গেছে। এখন ঘূর্ণমান তহবিল না থাকায় নতুন করে ঋণ বিতরণ করা সম্ভব হচ্ছে না। সম্প্রতি তাঁত বোর্ডের চেয়ারম্যান স্যার এখানে এসেছিলেন। তিনি বিষয়টি নিয়ে তাঁতিদের সঙ্গে কথা বলেছেন। আশা করি, তাঁতিরা দ্রুত ঋণ পাবেন।’

ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, শীতার্ত মানুষের মধ্যে বিতরণের জন্য যেসব কম্বল দেওয়া হয়, সেগুলো মন্ত্রণালয় থেকে পাঠানো হয়। তবে স্থানীয়ভাবে কম্বল কেনার সুযোগ তৈরি হলে কেশুরবাড়ির তাঁতিদের হাতে বোনা কম্বলকে অগ্রাধিকার দেওয়া হবে।