শিঙাড়া কিনতে বেরিয়েছিল, ছয় দিন পর হাত বাঁধা লাশ পাওয়া গেল শিশুটির

মো. সাইদুল ইসলামছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর মো. সাইদুল ইসলাম (১০) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া শিশুর দুই হাত পেছনে বাঁধা আর মুখে স্কচটেপ লাগানো ছিল।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে বাঞ্ছারামপুরের হোগলাকান্দি গ্রামে এক প্রতিবেশীর বাড়ির সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সাইদুল ওই গ্রামের মুন্সিবাড়ির মৃত ফরিদ মিয়ার ছেলে।

নিহত শিশুটির পরিবার, স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০ নভেম্বর শুক্রবার বিকেলে দোকান থেকে শিঙাড়া কিনে আনার কথা বলে বাড়ি থেকে বের হয় সাইদুল। এরপর আর বাড়ি ফেরেনি সে। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। শিশুটির খোঁজ পেতে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচার চালানো হয়।

প্রতিবেশী ওই বাড়ির মালিক ফরিদা বেগম আজ বৃহস্পতিবার বিকেলে শৌচাগার থেকে বের হওয়ার সময় দুর্গন্ধ পান। বাড়ির সেপটিক ট্যাংকের দিকে উঁকি দিয়ে সেটি ভাঙা অবস্থায় দেখেন। পরে তিনি পাড়া-প্রতিবেশীসহ স্থানীয়দের ডেকে বিষয়টি অবহিত করেন।

খবর পেয়ে বাঞ্ছারামপুর থানা–পুলিশ সেপটিক ট্যাংক থেকে শিশুটির গলিত মরদেহ উদ্ধার করে। পরনের কাপড় দেখে লাশটি সাইদুলের বলে শনাক্ত করেন তার বড় ভাই জাহাঙ্গীর আলম।

খবর পেয়ে সেপটিক ট্যাংক থেকে সন্ধ্যার দিকে আনুমানিক ১০ বছর বয়সী এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। পেছন থেকে ওই শিশুর দুই হাত বাঁধা, মুখে স্কচটেপ লাগানো ছিল।
পরিদর্শক (তদন্ত), বাঞ্ছারামপুর থানা, ব্রাহ্মণবাড়িয়া

বাড়ির মালিক ফরিদা বেগম বলেন, সাইদুল নিখোঁজ হওয়ার দিন তিনি বাড়িতে ছিলেন না। বোনের বাড়ি উপজেলার দশদোনায় বেড়াতে গিয়েছিলেন। পরে বাড়িতে এসে শোনেন, দোকান থেকে শিঙাড়া কিনতে গিয়ে সাইদুল নিখোঁজ হয়। এর পর থেকে সেপটিক ট্যাংক থেকে কোনো দুর্গন্ধ পাননি। তিনি জানান, বৃহস্পতিবার শৌচাগার থেকে বের হওয়ার সময় দুর্গন্ধ লাগে। এগিয়ে গিয়ে সেপটিক ট্যাংকটি ভাঙা দেখতে পান তিনি।

এদিকে ছেলের লাশ পাওয়া যাওয়ার খবরে আহাজারি করছেন সাইদুলের মা জোহরা বেগম। তিনি বলেন, লোকজনের চিৎকার-চেঁচামেচি শুনে ঘটনাস্থলের দিকে যেতে চেয়েছিলাম। কিন্তু আশপাশের নারীরা তাঁকে যেতে নিষেধ করেন। তাঁর ছেলে ফিরে আসবে বলে তাঁরা সান্ত্বনা দেন। তিনি বলেন, এক বছর আগে তাঁর স্বামী মারা গেছেন। এখন ছেলেকেও হারালেন। তিনি ছেলে হত্যার বিচার চান।

বাঞ্ছারামপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু সাঈদ প্রথম আলোকে বলেন, খবর পেয়ে সেপটিক ট্যাংক থেকে সন্ধ্যার দিকে আনুমানিক ১০ বছর বয়সী এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। পেছন থেকে ওই শিশুর দুই হাত বাঁধা, মুখে স্কচটেপ লাগানো ছিল।

আবু সাঈদ আরও বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেলার হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে নিয়মিত মামলা হবে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে।