ধুনটে যুবলীগ নেতা ও তাঁর বাবা আটকের পর মুচলেকায় মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের নংলু গ্রামের এই রাস্তাটি কাটছিলেন আটক যুবলীগ নতো ও তাঁর বাবা
ছবি: সংগৃহীত

বগুড়ার ধুনটে অবৈধভাবে সরকারি রাস্তা কাটার অভিযোগে যুবলীগের এক নেতা ও তাঁর বাবাকে আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার নিমগাছি ইউনিয়নের নাংলু গ্রাম থেকে তাঁদের আটক করা হয়। পরে ওই রাস্তা পুনর্নির্মাণের প্রতিশ্রুতিতে ৩০০ টাকা মূল্যের স্ট্যাম্পে মুচলেকা দিয়ে বেলা তিনটার দিকে তাঁদের থানা থেকে ছেড়ে দেওয়া হয়।

আটক ব্যক্তিরা হলেন ইবনে সউদ (৩৫) ও তাঁর বাবা আমজাদ হোসেন (৫৯)। ইবনে সউদ নিমগাছি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক।

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, নাংলু গ্রামের একটি কাঁচা রাস্তা দিয়ে এলাকার মানুষ দীর্ঘদিন ধরে যাতায়াত করেন। সরকারি অর্থ ব্যয় করে কয়েক দফা ওই রাস্তার সংস্কারের কাজ করা হয়েছে। ইবনে সউদ ও তাঁর বাবা আমজাদ হোসেন ওই রাস্তা নিজেদের জমিতে দাবি করে ১৮ জুন সকাল থেকে কাটতে থাকেন। এ সময় গ্রামবাসী বাধা দিলে যুবলীগ নেতা ও তাঁর বাবা গ্রামবাসীকে বিভিন্নভাবে হুমকি দেন। এই ঘটনার প্রতিকার চেয়ে গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার ১৪৫ জন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন।

ইবনে সউদ ও তাঁর বাবা আমজাদ হোসেন গ্রামের মানুষের চলাচলের রাস্তা নিজেদের জমিতে দাবি করে ১৮ জুন সকাল থেকে কাটতে থাকেন।

ইবনে সউদ ও তাঁর বাবা আমজাদ হোসেন আজ সকালের দিকে রাস্তা কাটতে শুরু করেন। এ সময় খবর পেয়ে ইউএনও জানে আলমের নির্দেশে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে বাবা-ছেলেকে আটক করে। পরে ওই রাস্তা পুনর্নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৩০০ টাকা মূল্যের স্ট্যাম্পে মুচলেকায় বাবা-ছেলে থানা থেকে ছাড়া পান।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত রাস্তা পুনর্নির্মাণের প্রতিশ্রুতিতে ইউএনওর কাছে স্ট্যাম্পে মুচলেকা দিয়েছেন আটক ব্যক্তিরা। ফলে ইউএনওর নির্দেশে তাঁদের থানা থেকে মুক্তি দেওয়া হয়েছে।