জিপিএ-৫ পাওয়া মেয়ের লেখাপড়া নিয়ে দুশ্চিন্তায় মা–বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেয়ে শারমিন সুলতানার সঙ্গে বাবা আবদুস সালাম। সম্প্রতি যশোরের অভয়নগর উপজেলার বুইকরা গ্রামে
ছবি: প্রথম আলো

যশোরের অভয়নগর উপজেলার বুইকরা গ্রামের প্রতিবন্ধী বাদাম বিক্রেতা আবদুস সালামের মেয়ে শারমিন সুলতানা এবার এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন। উপজেলার নওয়াপাড়া মহিলা কলেজ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে তিনি এ সাফল্য পান।

২০২০ সালের এসএসসি পরীক্ষায় তিনি উপজেলার সরখোলা মাধ্যমিক বিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। দারিদ্র্যের কারণে বর্তমানে শারমিনের পড়ালেখার খরচ চালানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তাঁর মা–বাবা।

মা-বাবার একমাত্র সন্তান শারমিন সুলতানা। বাবা আবদুস সালাম দৃষ্টিপ্রতিবন্ধী। তিনি বাঁ চোখে দেখতে পান না। ফেরি করে বাদাম বিক্রি করে অনেক কষ্টে সংসার চালান। তাঁর মা সুফিয়া বেগম অন্যের বাসাবাড়িতে কাজ করেন। শারমিনের মা–বাবা প্রায়ই অসুস্থ থাকেন। এমন পরিস্থিতিতে মেয়ের পড়ালেখা চালু রাখা নিয়ে বিপাকে পড়েছেন মা–বাবা।

নওয়াপাড়া মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুর রহমান বলেন, শারমিন সুলতানা অত্যন্ত মেধাবী। তাঁর আচার-আচরণও খুব ভালো। কিন্তু খুবই গরিব। প্রতিষ্ঠান থেকে তাঁকে সাধ্যমতো সহায়তা করা হয়েছে। মানুষের আরও একটু সহায়তা পেলে মেয়েটির মেধার পরিপূর্ণ বিকাশ ঘটবে। মেয়েটি ভবিষ্যতে অনেক ভালো করবে।

সম্প্রতি শারমিন সুলতানাদের বাড়িতে গিয়ে দেখা যায়, ইটের তৈরি দুই কক্ষের ছোট একটি ঘর। ওপরে টিনের ছাউনি। পাশে পলিথিন দিয়ে ছাওয়া ছোট্ট একটি রান্নাঘর। শারমিন সুলতানা বলেন, ‘আমি ব্যাংকার হতে চাই। এ জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই। কিন্তু অভাবের কারণে সেটা সম্ভব হবে কি না, জানি না। প্রয়োজনে টিউশনি করে ব্যাংকার হতে শেষ চেষ্টা করে যাব।’

শারমিনের বাবা আবদুস সালাম বলেন, ‘আমি বাঁ চোখে দেখতে পাই না। একসঙ্গে ৯০০ টাকা দিয়ে পাঁচ কেজি করে বাদাম কিনি। ওই বাদাম ভাজার পর কমে চার কেজি দাঁড়ায়। আশপাশের গ্রামে ঘুরে এবং হাসপাতালের সামনে দুই দিন ধরে ১ হাজার ২০০ টাকায় চার কেজি বাদাম বিক্রি করি। এতে আমার দিনে গড়ে ১৫০ টাকার মতো থাকে। শহরে গেলে বেশি বাদাম বিক্রি করা যায়। কিন্তু বাঁ চোখে দেখি না বলে ভয়ে শহরে যাই না। আমার স্ত্রী এক বাসায় কাজ করে মাসে ১ হাজার ২০০ টাকা পায়। এই টাকায় সংসার ঠিকমতো চলে না। অনেক কষ্ট করে মেয়েটাকে পড়াচ্ছি। মেয়েটা ব্যাংকার হতে চায়। সে জন্য বিশ্ববিদ্যালয়ে ওকে পড়ানো দরকার। শেষ পর্যন্ত সেটা সম্ভব হবে কি না, জানি না। বাদাম বিক্রি আর প্রতিবন্ধী ভাতার টাকা দিয়ে শেষ পর্যন্ত আমি চেষ্টা করে যাব।’

মা সুফিয়া বেগম বলেন, তাঁদের অভাবের সংসার। বিয়ের পর থেকেই অভাবের সঙ্গে যুদ্ধ করতে করতে এ পর্যন্ত এসেছেন। সহায়সম্পদ বলতে কিছুই নেই। চার শতক জমির ওপর বাড়ি করে আছেন। মেয়েটাকে নিয়ে তাঁদের অনেক আশা। কষ্ট করে হলেও তাঁকে পড়াতে চান।