কুয়াকাটায় দীর্ঘদিন পর এক ট্রলারে এল ৪০টি কোরাল, এক লাখ ৭১ হাজারে বিক্রি
পটুয়াখালীর কুয়াকাটায় একটি ট্রলারে ৪০টি সামুদ্রিক কোরাল মাছ ধরা পড়েছে। দীর্ঘদিন মাছের আকাল, নিষেধাজ্ঞা ও জ্বালানিসংকটে দিশাহারা জেলেদের মাঝে এতে কিছুটা স্বস্তি ফিরেছে।
আজ শুক্রবার সকালে মাছগুলো মহিপুর মৎস্য বন্দরে নিয়ে আসেন ট্রলারের মাঝি আবদুল কাদের। পরে নিলামের মাধ্যমে সাড়ে তিন মণ মাছ প্রতি মণ ৪৯ হাজার টাকা দরে মোট ১ লাখ ৭১ হাজার টাকায় বিক্রি হয়। এতে প্রতি কেজি কোরাল মাছের দাম দাঁড়ায় এক হাজার ২২৫ টাকা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন পর একসঙ্গে এত কোরাল মাছ ধরা পড়ায় সকাল থেকেই মহিপুর মৎস্য বন্দরে উৎসুক মানুষের ভিড় দেখা যায়। অনেকেই এমন দৃশ্য দেখতে সেখানে ভিড় করেন।
ট্রলারের মাঝি আবদুল কাদের বলেন, ‘দীর্ঘদিন পর এত কোরাল মাছ পেয়ে আমরা খুব খুশি। প্রায় দুই মাস পর একসঙ্গে বেশি পরিমাণ মাছ পেলাম। এতে আমাদের কষ্ট কিছুটা হলেও কমবে।’
সমুদ্রে প্রাকৃতিক নানা কারণে কখনো কখনো মাছের প্রাপ্যতা কমে যায় জানিয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা প্রথম আলোকে বলেন, তবে নিষেধাজ্ঞা সঠিকভাবে পালন করায় মাছের উৎপাদন ধীরে ধীরে বাড়ছে। জেলেদের ধৈর্য ধরে নিয়ম মেনে মাছ ধরার পরামর্শ দেন তিনি।
এই মৎস্য কর্মকর্তা আরও বলেন, কোরাল মাছ একটি মূল্যবান প্রজাতি। এ ধরনের মাছ বেশি ধরা পড়া সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য ইতিবাচক ইঙ্গিত।