আড়াইহাজারে নৌকার জয়, জোর করে ভোট নেওয়ার অভিযোগ বিরোধীদের
নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সুন্দর আলী। তবে তাঁর সমর্থকদের বিরুদ্ধে কেন্দ্র দখল করে গোপন কক্ষে নজরদারির মাধ্যমে ভোটারদের নৌকায় ভোট দিতে বাধ্য করার অভিযোগ করেছেন এই নির্বাচনে অংশ নেওয়া আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী।
বেসরকারিভাবে পাওয়া ফলাফল অনুযায়ী, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুন্দর আলী মোট ৯ হাজার ৯৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি জগ প্রতীকের হাবিবুর রহমান পেয়েছেন ৪ হাজার ৮৯০ ভোট। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মামুন অর রশীদ ২ হাজার ১০৭ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মেহের আলী ১ হাজার ৩৩৯ ভোট পেয়ে হয়েছেন চতুর্থ।
পৌরসভার ১১টি কেন্দ্রে সোমবার সকাল আটটায় শুরু হয় ভোট গ্রহণ। নির্ধারিত সময় বিকেল চারটায় ভোট শেষ না হওয়ায় কিছু কিছু কেন্দ্রে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট নেওয়া হয়। সব কেন্দ্রেই ব্যাপক ভোটার উপস্থিতি ছিল। রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, নির্বাচনে ভোট পড়েছে ৬১ শতাংশ।
সকাল ১০টায় আড়াইহাজার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গেলে ভোটারদের দীর্ঘ সারি চোখে পড়ে। এ সময় ভোটাররা ধীরগতিতে ভোট গ্রহণের অভিযোগ করেন। ওই কেন্দ্র পরিদর্শনে আসা স্বতন্ত্র মেয়র প্রার্থী হাবিবুর রহমান তাঁর একজন এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ করেন।
বেলা ১১টার দিকে ৫ নম্বর ওয়ার্ডের নাগের চর মাদ্রাসা কেন্দ্রে নৌকা ও জগ প্রতীকের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে সেখানে গেলে হাবিবুর রহমান অভিযোগ করেন, নৌকায় ভোট না দেওয়ায় নাগের চর মাদ্রাসা কেন্দ্রে নৌকার প্রার্থীর লোকজন উপজেলা ছাত্রলীগের সভাপতি সফিকুল ইসলাম (শরীফ) ও তাঁর সমর্থকেরা চার ভোটারকে মারধর করেছেন। পরে পৌরসভা যুবলীগ নেতা শামীম মিয়া তাঁর সমর্থকদের নিয়ে কেন্দ্রটি দখলে নিয়ে ভোটারদের নৌকায় ভোট দিতে বাধ্য করেন।
এমন অভিযোগের পর ওই কেন্দ্রে গিয়ে গোপন বুথে একসঙ্গে দুজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ সময় নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তাফা রাসেল কেন্দ্রটি পরিদর্শনে আসেন। পরে গোপন বুথে থাকা ওই ব্যক্তি সেখান থেকে চলে যান।
মারধরের শিকার কামাল উদ্দিন নামের এক ভোটার প্রথম আলোকে বলেন, ‘বুথে ভোট দিলে বুথের পাশে দাঁড়িয়ে থাকা নৌকার লোকজন সব দেখে ফেলেন। আমি ভোট দিয়া বের হওয়ার পরই শরীফ (উপজেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম) ও তাঁর লোকজন আমার শার্টের কলার ধরে চড়থাপ্পড় দিতে থাকেন। মারতে মারতে বলেন, “নৌকায় কেন ভোট দেস নাই?” সবাইকে তাঁরা নৌকায় ভোট দিতে বাধ্য করছেন।’
একই সময় কৃষ্ণপুরা এনআইবি স্বপ্নডানা একাডেমি নারী কেন্দ্রে দুই কাউন্সিল প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অন্তত দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে সরেজমিনে ওই কেন্দ্র এলাকায় দুটি অবিস্ফোরিত ককটেলসদৃশ্য বস্তু পড়ে থাকতে দেখা যায়। বেলা একটা, আড়াইটা ও বিকেল পৌনে চারটায় আরও তিন দফায় নাগের চর মাদ্রাসা কেন্দ্রে গিয়ে গোপন বুথে নৌকার কার্ডধারী তরুণদের দেখা গেছে। বুথের ভেতর নির্ধারিত এজেন্ট ছাড়াও নৌকার কার্ড গলায় ঝোলানো একাধিক ব্যক্তিকে ঘুরাফেরা করতে দেখা গেছে।
বিকেল পৌনে চারটায় এই কেন্দ্রের ৪ নম্বর ও ৫ নম্বর বুথে গিয়ে দেখা যায়, গোপন কক্ষে ভোটাররা ভোট দিচ্ছেন আর বুথের বাইরে দাঁড়িয়ে দুজন ব্যক্তি কালো কাপড় সরিয়ে ভোট দেওয়া দেখছেন। তাঁদের একজনের শার্টে ‘নৌকা’ প্রতীকের মেয়র প্রার্থীর এজেন্ট লেখা কার্ড ঝোলানো ছিল। তাঁদের ছবি তোলার পর একজন নিজেকে ‘নৌকার লোক’ পরিচয় দেন। এ সময় ওই কেন্দ্রের দুটি বুথে জগ ও মোবাইল ফোন প্রতীকের এজেন্ট পাওয়া যায়নি।
নারকেলগাছ প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থীর একজন পোলিং এজেন্ট বলেন, নৌকার এজেন্ট বুথে ঢুকে ভোটারদের নৌকায় ভোট দিতে বাধ্য করছেন। শুরু থেকেই এমন চলছে। প্রিসাইডিং কর্মকর্তাকে বললেও কিছু করছেন না। ৪ নম্বর বুথের দায়িত্বে থাকা সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘তাঁদের (নৌকার কার্ড ঝোলানো তরুণদের) আমরা সকাল থেকে হাজারবার নিষেধ করছি, কিন্তু কেউ শুনছেন না। প্রিসাইডিং কর্মকর্তা স্যারকেও বলেছি।’
একই কথা জানান ৫ নম্বর বুথের দায়িত্বে থাকা সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হুমায়ূন কবির। কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা মো. শাহজাহানের কাছে এ বিষয়ে জানতে চাইলে বলেন, ‘আমাদের ত্রুটি আছে। আমরা বারবার তাঁদের অনুনয়-বিনয় করেছি। কেউ কথা শোনেননি। পরে আমি রিটার্নিং কর্মকর্তা, এই কেন্দ্রের দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট ও কেন্দ্র পরিদর্শনে আসা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে জানিয়েছি।’
এই ভোট গ্রহণকে সুষ্ঠু বলা যায় কি না, প্রশ্ন করলে প্রিসাইডিং কর্মকর্তা বলেন, ‘আমরা চেষ্টা করেছি। কতটা সফল হয়েছি, তা আপনারা দেখেছেন। আমি অসহায়, সব চেষ্টাই করেছি।’
এসব বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা রবিউল আলম প্রথম আলোকে বলেন, ‘খুব ভালো নির্বাচন হয়েছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। এটাকে মডেল নির্বাচন বলা চলে।’ প্রিসাইডিং কর্মকর্তার অসহায়ত্ব প্রকাশের বিষয়টি উল্লেখ করলে তিনি বলেন, ‘কোথাও কোনো ঝামেলা হয়নি। গোপন বুথে নজরদারির বিষয়টি আমাকে কেউ জানাননি।’