মাদারীপুরে ছাত্রলীগ নেতার মামলায় বিএনপির চার নেতা রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরের ডাসারে বিএনপির কর্মসূচি ঘিরে ছাত্রদল–ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়া। শনিবার বিকেলে উপজেলার কাঁঠালতলা বাজার এলাকায়
ছবি: সংগৃহীত

মাদারীপুরের ডাসার উপজেলায় ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনায় উপজেলা ছাত্রলীগের সভাপতির করা মামলায় বিএনপির কেন্দ্রীয় এক নেতাসহ চার নেতার জামিন আবেদন নাকচ করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতে শুনানি শেষে বিচারক মো. সাজিদ উল হাসান চৌধুরী এ নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর আদালত পুলিশের পরিদর্শক মো. শাহজাহান।

মামলাটির তদন্ত কর্মকর্তা ও ডাসার থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাবুদ্দিন গ্রেপ্তার বিএনপির চার নেতাকে ডাসার থানা হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেন। অপর দিকে আদালতে আসামি পক্ষের আইনজীবী ওই চারজনের জামিনের জন্য আবেদন জানান। বৃহস্পতিবার দুপুরে আদালতে শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ড মঞ্জুর করেন। বিএনপি নেতা আনিসুর রহমান ও মন্নান সরদারের এক দিন করে এবং নুরু তালুকদার ও শহিদুল ব্যাপারীর দুই দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

গত শনিবার বিকেলে ডাসার উপজেলার কাঁঠালতলা বাজার এলাকায় বিএনপির কর্মসূচি চলাকালে ছাত্রদল ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হন উভয় পক্ষের অন্তত ১৫ জন। এ সময় ঘটনাস্থল থেকে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির উপ–গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান ওরফে খোকন তালুকদার (৪৫), ডাসার যুবদল নেতা নুরু তালুকদার (৪৩), ডাসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মন্নান সরদার (৫৫), কালকিনি উপজেলা স্বেচ্ছাবেসক দলের আহ্বায়ক শহিদুল ব্যাপারীকে (৪০) আটক করে পুলিশ।
ওই দিন মধ্যরাতে ডাসার উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. জাহিদ হোসেন বাদী হয়ে ২৬ জনকে আসামি করে একটি মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয় আরও ৫০ থেকে ৬০ জনকে। বিএনপির কেন্দ্রীয় নেতা আনিসুর রহমানসহ চারজনকে গ্রেপ্তার দেখিয়ে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত জামিন শুনানি না করে আসামিদের কারাগারে পাঠান।

মামলার আসামি পক্ষের আইনজীবী জামিনুর হোসেন বলেন, ‘আদালত আমাদের জামিন আবেদন মঞ্জুর করেননি। উল্টো পুলিশের করা রিমান্ডের আবেদন মঞ্জুর করেছেন। আমরা উচ্চ আদালতে জামিনের জন্য আবেদন করব। আশা করছি, উচ্চ আদালতে আমরা জামিন পাব।’

ডাসার থানার ওসি হাসানুজ্জামান প্রথম আলোকে বলেন, মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করেন। কিন্তু আদালত থানা হেফাজতে বিএনপির দুই নেতাকে এক দিন করে ও অন্য দুজনকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। আজই রিমান্ডপ্রাপ্ত চারজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

আরও পড়ুন