৫১ বছর পর কয়রায় পাউবোর সীমানা জটিলতা কাটল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এখন থেকে সাতক্ষীরা পাউবো নয়, কয়রা উপজেলার বেড়িবাঁধ রক্ষণাবেক্ষণ করবে খুলনা পাউবো। কয়রার শাকবাড়িয়া নদীর বেড়িবাঁধ
ছবি: প্রথম আলো

খুলনার কয়রা উপজেলায় ১৫৪ কিলোমিটার বেড়িবাঁধ আছে। ওই বাঁধের অধিকাংশই নাজুক। প্রতিবছর বেড়িবাঁধ ভেঙে নদীর লোনাপানিতে ক্ষতিগ্রস্ত হয় ওই এলাকার মানুষ। তবে কয়রা উপজেলা খুলনা জেলার অন্তর্গত হলেও এর বেড়িবাঁধের রক্ষণাবেক্ষণ পরিচালিত হতো পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সাতক্ষীরা জেলা থেকে। অবশেষে দীর্ঘ ৫১ বছর পর খুলনার কয়রায় পাউবোর সীমানা জটিলতা কাটল। এখন থেকে আর সাতক্ষীরা পাউবো নয়, কয়রা উপজেলার বেড়িবাঁধ রক্ষণাবেক্ষণ করবে খুলনা পাউবো।

২০ ফেব্রুয়ারি পানিসম্পদ মন্ত্রণালয়ের দাপ্তরিক আদেশে কয়রা উপজেলার বেড়িবাঁধ খুলনা পাউবো-২-এর নিয়ন্ত্রণে দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে, সীমানা জটিলতা কেটে যাওয়ায় মানুষের দুর্ভোগ কমবে।

পাউবো সূত্রে জানা গেছে, ১৯৫৪ ও ১৯৫৫ সালে ভয়াবহ বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে খাদ্য উৎপাদন বাড়ানোর জন্য ১৯৫৯ সালে পূর্ব পাকিস্তান পানি ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (ইপিওয়াপদা) গঠন করা হয়। ১৯৬০ সালে নদীর লোনাপানির প্রবেশ ঠেকাতে ও কৃষি আবাদ উন্নয়নের লক্ষ্যে কৃষকদের দাবির পরিপ্রেক্ষিতে উপকূলীয় এলাকায় বাঁধ উঁচু করার প্রকল্প নেয় তৎকালীন পানি ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (ওয়াপদা)। দেশ স্বাধীনের পর ১৯৭২ সালে ‘বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড’ (পাউবো) প্রতিষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় পাউবো সাতক্ষীরা-১ ও সাতক্ষীরা-২ বিভাগ গঠিত হয়। সাতক্ষীরা-২ বিভাগের আওতাধীন ৭টি পোল্ডারের মধ্যে কয়রা উপজেলায় ১৪/১ ও ১৩-১৪/২ নামে ২টি পোল্ডার অন্তর্ভুক্ত হয়। স্বাধীনতা–পরবর্তী সময়ে সাতক্ষীরা খুলনা জেলার একটি মহকুমা ছিল। সেই সময় থেকে কয়রা উপজেলা পাউবো সাতক্ষীরা-২ বিভাগের অধীনেই ছিল।

দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ দপ্তরটি ভিন্ন জেলায় অবস্থিত হওয়ায় জরুরি মুহূর্তে দাপ্তরিক পদক্ষেপ নিতে কালক্ষেপণ হয় বলে কয়রার বাসিন্দারা বেড়িবাঁধের পোল্ডার দুটি খুলনার নিয়ন্ত্রণে নেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ২৫ অক্টোবর পানিসম্পদ মন্ত্রণালয় এক আদেশে এটি পাউবো খুলনা-২-এর নিয়ন্ত্রণে নেওয়ার নির্দেশ দেয়। পরে ২০ ফেব্রুয়ারি পানি উন্নয়ন বোর্ড খুলনা-২-এর নির্বাহী প্রকৌশলীকে দায়িত্ব বুঝিয়ে নিতে নির্দেশ দেয়। একই সঙ্গে এই আদেশে কয়রা পানি উন্নয়ন উপবিভাগ এবং কয়রা, বানিয়াখালী ও অংটিহারা পানি উন্নয়ন সেকশন করার নির্দেশনা দেওয়া হয়।

কয়রা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি বিদেশ রঞ্জন মৃধা বলেন, তিন দিকে নদীবেষ্টিত কয়রা উপজেলার প্রধান সমস্যা নদীভাঙন। আর এ সমস্যা সমাধানের জন্য গুরুত্বপূর্ণ দপ্তরটির অবস্থান ভিন্ন জেলায় হওয়ায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় যেমন কালক্ষেপণ হতো, তেমনি সার্বক্ষণিক নজরদারি না থাকায় বেশির ভাগ কাজ হয় নিম্নমানের। এতে প্রতিবছর ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যাপকসংখ্যক মানুষ। জেলা ও উপজেলার প্রতি মাসের উন্নয়ন সমন্বয় সভায় বাঁধ নিয়ে আলোচনা হলেও তা থেকে যেত ওই আলোচনা পর্যন্তই। অবশেষে সবার সম্মিলিত প্রচেষ্টায় কয়রার বেড়িবাঁধ খুলনা পাউবোর নিয়ন্ত্রণে দেওয়ায় মানুষ খুশি হয়েছে।

কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মমিনুর রহমান বলেন, ‘বেড়িবাঁধ–সংক্রান্ত দপ্তরটি ভিন্ন জেলার অধীন থাকায় জরুরি কোনো পরিস্থিতি সামাল দিতে ভোগান্তি পোহাতে হতো আমাদের। দাপ্তরিক আদেশ বা অন্য কোনো কাজ বাস্তবায়নে সমস্যা হতো। পাউবো খুলনা জেলার নিয়ন্ত্রণে হওয়ায় এখন সেই সমস্যা থাকবে না বলে আশা করছি।’

এ বিষয়ে খুলনা পাউবো-২-এর নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম বলেন, ‘আমরা দাপ্তরিক নির্দেশনা পেয়েছি। এখন থেকে কয়রার বেড়িবাঁধের যাবতীয় কাজ করবে খুলনা পাউবো।’