ঘূর্ণিঝড় মোখার খবরে পর্যটক কমে গেছে কুয়াকাটায়

সাপ্তাহিক ছুটির দিন হলেও কুয়াকাটা সৈকত অনেকটাই ফাঁকা। আজ শুক্রবার দুপুরেছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে হঠাৎ করে পর্যটকের সংখ্যা কমে গেছে। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার পর্যটকের ভিড় জমে কুয়াকাটায়। তবে ঘূর্ণিঝড় মোখা কক্সবাজারের দিকে অগ্রসর হওয়ার খবরে আজ শুক্রবার কুয়াকাটার চিত্র পুরোপুরি পাল্টে গেছে। সাপ্তাহিক ছুটির দিন হলেও সাগরকন্যা আজ অনেকটাই ফাঁকা। এ কারণে কুয়াকাটার পর্যটননির্ভর ব্যবসায়ীরা অলস সময় পার করছেন।

স্থানীয় বাসিন্দা ও জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগর আজ স্বাভাবিকের চেয়ে কিছুটা উত্তাল রয়েছে। ইতিমধ্যে গভীর সাগর থেকে অধিকাংশ মাছ ধরার জেলে নৌকা ও ট্রলার মৎস্যবন্দর মহিপুর ও আলীপুর ঘাটে এসে নোঙর করেছে।

এদিকে আজ দুপুরে সৈকত এলাকা ঘুরে দেখা গেছে, ১৮ কিলোমিটার দীর্ঘ কুয়াকাটা সৈকতে পর্যটকের চিরচেনা ভিড় নেই। অল্প কিছু পর্যটকের দেখা মিললেও তাঁরা মূলত পটুয়াখালী ও বরিশাল অঞ্চলের। তবে ঢাকা কিংবা দূরদূরান্ত থেকে আসা পর্যটকের উপস্থিতি চোখে পড়েনি।

কুয়াকাটার সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলার সহকারী ব্যবস্থাপক শাহীন আলম বলেন, ‘ঘূর্ণিঝড় মোখার খবর শুনে অনেকে বুকিং বাতিল করেছে। এ কারণে বলতে গেলে হোটেলে নীরবতা নেমে এসেছে। ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেলে আশা করি, কুয়াকাটা আবার সরগরম হবে।’

সৈকতের অধিকাংশ ছাতাযুক্ত চেয়ার ফাঁকা পড়ে আছে
ছবি: প্রথম আলো

সৈকত এলাকার চা-দোকানি আলমাস মিয়া বলেন, ‘হঠাৎ পর্যটক কইম্যা যাওয়ায় মোগো বিক্রিও নাই। গত দুই দিন ধইর‍্যা খুব কষ্টে আছি।’

আলমাস মিয়ার কথায় সায় দিলেন ফুচকা বিক্রেতা হানিফ হাওলাদার ও ডাব বিক্রেতা গনি ফকির। এদিকে কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ হলো সামুদ্রিক মাছের বারবিকিউ। তবে এখানকার দোকানি মো. মিজানুর রহমান বলেন, গতকাল থেকে পর্যটকদের আনাগোনা কমে গেছে। তাই সামুদ্রিক মাছের বারবিকিউ করার বেশির ভাগ দোকান আজ বন্ধ রয়েছে।

কুয়াকাটার হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ বলেন, ঘূর্ণিঝড়ের খবর পাওয়ার পর থেকে সতর্কতা অবলম্বন করা হয়েছে। এ ছাড়া স্থানীয় প্রশাসনের নির্দেশে কুয়াকাটার প্রায় ২০০ আবাসিক হোটেল স্থানীয় লোকজনসহ অতিথিদের আশ্রয় দিতে প্রস্তুত রাখা হয়েছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, ঘূর্ণিঝড় মোখার মোকাবিলায় উপজেলার ১৭৫ ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও ১৯টি মুজিব কিল্লা প্রস্তুত রাখা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নেওয়ার পর মানুষজন যেন ভালোভাবে থাকতে পারেন, সে জন্য আশ্রয়কেন্দ্রে পর্যাপ্ত আলোর ব্যবস্থাসহ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। যেসব কৃষিজমির ধান পেকেছে, তা দ্রুত কেটে ফেলতে কৃষকদের বলা হয়েছে। উপজেলার ১২ ইউনিয়ন ও ২টি পৌরসভার জন্য ১৪টি মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে। এ ছাড়া কলাপাড়া উপজেলায় ৬০০ মিটার ঝুঁকিপূর্ণ এবং ১ হাজার ২০০ মিটার অতিঝুঁকিপূর্ণ বাঁধ রয়েছে। জরুরিভাবে এসব স্থানে জিও ব্যাগ ফেলে মেরামত করার উদ্যোগ নেওয়া হয়েছে।