চট্টগ্রামে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের, গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের বাইরে আগুন

গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের। পরে সে কাজ সড়ক থেকে সরিয়ে দিয়েছে ফায়ার সার্ভিস। আজ ভোরে চট্টগ্রামের বাঁশখালীতেছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালীতে সড়কের ওপর গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা করেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার কালীপুর ও শেখেরখীল ইউনিয়নের দুটি পৃথক সড়কে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ কেটে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। একই সময় উপজেলার গ্রামীণ ব্যাংকের একটি শাখার বাইরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিস জানায়, আজ ভোরে উপজেলার কালীপুর ইউনিয়নের প্রধান সড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। খবর পেয়ে সকাল ছয়টার দিকে বাঁশখালী ফায়ার স্টেশনের একটি দল পুলিশের উপস্থিতিতে গাছ কেটে সড়কের পাশে সরিয়ে নেয়।

একই দিন ভোরে উপজেলার শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যানঘাটা এলাকাতেও সড়কের ওপর গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ সরিয়ে নিলে ভোর সোয়া পাঁচটার দিকে ওই সড়কেও যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে একই সময় উপজেলার বৈলছড়ি গ্রামীণ ব্যাংকের শাখার বাইরের দেয়ালের পাশে পাতার স্তূপে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।

বাঁশখালী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, দুটি ঘটনায় বাঁশখালী ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করেছে। গাছগুলো সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল হক জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে সড়ক থেকে গাছগুলো অপসারণ করা হয়। তিনি গ্রামীণ ব্যাংকের শাখাটি পরিদর্শন করেছেন।