রংপুর শহরে বিএনপি-আ.লীগের সমাবেশ ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা
রংপুর শহরে এক কিলোমিটার দূরত্বের মধ্যে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে উত্তেজনার পাশাপাশি জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।
আজ শনিবার বেলা দুইটার দিকে শহরের গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। একই সঙ্গে বেলা তিনটায় মহানগর আওয়ামী লীগ শহরের পাবলিক লাইব্রেরি মাঠে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তি সমাবেশের ডাক দিয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা প্রথম আলোকে বলেন, ‘দুই দলের সমাবেশ ঘিরে পুরো শহর এবং আশপাশ এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন থাকছে। শান্তিপূর্ণ সমাবেশ করতে আমাদের সবাই চেষ্টা থাকবে।’
বিএনপির চেয়ারম্যান খালেদা জিয়াসহ জাতীয় নেতৃবৃন্দের মুক্তিসহ ১০ দফা দাবিতে রংপুরে আজকের বিভাগীয় সমাবেশটি করবে বিএনপি। সমাবেশ সফল করতে বিভাগের বিভিন্ন জেলা থেকে দলের কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে চেষ্টা করছেন বিএনপি নেতারা।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, বিশেষ অতিথি থাকবেন চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, সহ–আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব, বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, সৈয়দ জাহাঙ্গীর আলম। সভাপতিত্ব করবেন মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু। সঞ্চালনা করবেন মহানগর বিএনপির সদস্যসচিব মাহফুজ উন নবী ও জেলা বিএনপির সদস্যসচিব আনিছুর রহমান।
মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু প্রথম আলোকে বলেন, বিএনপি অফিসের সামনে মঞ্চ নির্মাণ করে সমাবেশের প্রস্তুতি চলছে। বেলা দুইটা থেকে শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ সফল করে তুলতে রংপুর নগরের ৩৩টি ওয়ার্ড, আট উপজেলাসহ বিভাগের আট জেলা থেকেও দলের কর্মী-সংগঠক সমর্থকেরা উপস্থিত থাকবেন।
এদিকে বেলা তিনটায় বিএনপির সমাবেশস্থল থেকে এক কিলোমিটারের মধ্যে পাবলিক লাইব্রেরি মাঠে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ শান্তি সমাবেশের ডাক দিয়েছে।
মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও প্রধান বক্তা হিসেবে থাকবেন সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। এ ছাড়া কেন্দ্রীয় সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া ও সফুরা বেগম প্রমুখ বক্তব্য দেবেন।
রংপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারে নেতা-কর্মীদের অবস্থান নিয়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন।