মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের দিন নদীতে ঝাঁপ, দুই দিন পর ভেসে উঠল লাশ
মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির মধ্যে প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়েছিলেন মো. আলমগীর হোসেন (৪৬) নামের এক ব্যক্তি। দুই দিন নিখোঁজ থাকার পর আজ শনিবার সকালে রজত রেখা নদীতে তাঁর লাশ ভেসে ওঠে। পরে নদী থেকে তাঁর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
একই সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সেলিম মোল্লা (৪৬) নামের একজনের মৃত্যু হয়েছে।
লাশ উদ্ধার হওয়া আলমগীর হোসেন মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামের নান্নু মিয়ার ছেলে। তাঁর তিন মেয়ে ও এক ছেলে আছে। তিনি মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ হোসেনের পক্ষের লোক ছিলেন বলে নিহত ব্যক্তির স্বজনেরা দাবি করেছেন।
পরিবারের সদস্যরা বলেন, গত বৃহস্পতিবার সকালে মোল্লাকান্দিতে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি শুরু হলে আলমগীর আহত হন। এ সময় প্রাণ বাঁচাতে তিনি রজত রেখা নদীতে ঝাঁপ দেন। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টা ২৭ মিনিটে মোল্লাকান্দি ইউনিয়নের চৈতারচর গ্রামে রজত রেখা নদীতে নিখোঁজ হন আলমগীর হোসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তাঁকে উদ্ধারে গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার দুই দিন নদীতে অভিযান চালানো হয়।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ সকাল সাতটার দিকে ডুবুরি দলের সদস্যরা উদ্ধার অভিযানের প্রস্তুতি নিচ্ছিলেন। তখন স্থানীয় লোকজন নদীতে একটি লাশ ভেসে ওঠার খবর দেন। পরে ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। এরপর সেটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দুটি পক্ষ আছে। এক পক্ষের নেতৃত্বে আছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ রায়হান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক ও ফ্রান্সপ্রবাসী বিএনপি নেতা রহিম মোল্লা। অপর পক্ষের নেতৃত্বে আছেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উজির আহমেদ ও ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ হোসেন। আসন্ন ইউপি নির্বাচনে এক পক্ষে আওলাদ হোসেন এবং অপর পক্ষে রহিম মোল্লা চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। এ নিয়ে দ্বন্দ্বের জেরে বৃহস্পতিবার ইউনিয়নের বিভিন্ন এলাকায় দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের দিন গুলিবিদ্ধ হয়ে সেলিম মোল্লা নামের একজন নিহত হন। এ ছাড়া শিশুসহ আরও কয়েকজন আহত হয়েছিলেন।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তসলিম উদ্দিন প্রথম আলোকে বলেন, আধিপত্য বিস্তার ও আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আলমগীর নিখোঁজ হয়েছিলেন। আজ তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল করলে বোঝা যাবে, তাঁর শরীরে কোনো ক্ষতচিহ্ন আছে কি না। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।