অপ্রতিমের জানাজা–দাফন রোববার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শোক ঘোষণা

নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের লাশ আজ শনিবার উদ্ধার করে পুলিশছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের জানাজা ও দাফন আগামীকাল রোববার হবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবদুল হাকিম আজ শনিবার রাতে এ কথা জানিয়েছেন।

এদিকে অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় রোববার বিশ্ববিদ্যালয়ে সাধারণ শোক ঘোষণা করা হয়েছে। এদিন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পূর্বনির্ধারিত পরীক্ষা স্থগিত থাকবে। শনিবার রাত পৌনে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অপ্রতিম হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ২০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে সাধারণ শোক ঘোষণা করা হয়েছে। এদিন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পূর্বনির্ধারিত পরীক্ষা স্থগিত থাকবে। স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরে সংশ্লিষ্ট বিভাগ নোটিশের মাধ্যমে জানাবে।

এদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবদুল হাকিম শনিবার রাত সাড়ে নয়টার দিকে প্রথম আলোকে বলেন, অপ্রতিমের প্রথম জানাজা আগামীকাল রোববার সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হবে।

প্রক্টর আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে জানাজার পর অপ্রতিমের গন্ধমতি এলাকার বর্তমান বাসার কাছে বেলা ১১টায় দ্বিতীয় জানাজা হবে। এরপর ওই এলাকায় তাকে দাফন করা হবে।

এর আগে শনিবার বেলা একটার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়–সংলগ্ন সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে।

আরও পড়ুন

আগের দিন শুক্রবার বেলা আড়াইটার দিকে কোটবাড়ি এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। সে কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের ভাষ্য, বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে সে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয়েছিল। এরপর আর বাসায় ফেরেনি। তার সঙ্গে থাকা আইফোনটি এখনো পাওয়া যায়নি।

অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িত ১৭ বছর বয়সী দুই কিশোরকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।

আরও পড়ুন