নোয়াখালীতে পুলিশের নির্ধারিত এলাকায় বিএনপির গণমিছিল, পথে আটক ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীতে গণমিছিল করেছে জেলা বিএনপি। শনিবার বেলা ১১টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে
ছবি: প্রথম আলো

নোয়াখালীতে পুলিশের নির্ধারণ করে দেওয়া এলাকায় গণমিছিল করেছে জেলা বিএনপি। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহর মাইজদীতে এ কর্মসূচি পালন করা হয়।

এ গণমিছিলে আসার পথে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে সেনবাগ বিএনপি ও এর সহযোগী সংগঠনের আট নেতা-কর্মীকে আটক করেছে সুধারাম থানার পুলিশ।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, আটক নেতা-কর্মীর বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে এ বিষয়ে পরবর্তী সময়ে পদক্ষেপ নেওয়া হবে।

জেলা বিএনপির একাধিক সূত্র জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বেলা ১১টায় মাইজদীতে গণমিছিলের কর্মসূচি ঘোষণা করে দলটি। এ বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে শহরের প্রেসক্লাবের সামনে থেকে শুরু করে পাঁচ রাস্তার মোড়, সরকারি বালিকা বিদ্যালয়, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন এবং জেলা জামে মসজিদের পশ্চিম ফটক পর্যন্ত এলাকার মধ্যে কর্মসূচি পালন করতে বলা হয়।

আরও পড়ুন

বিএনপি নেতা ও স্থানীয় লোকজন জানিয়েছেন, আজ সকাল থেকে জেলা শহরের বিভিন্ন এলাকাসহ আশপাশের উপজেলা থেকে বিএনপির নেতা-কর্মীরা প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন। এ সময় শহরের নতুন বাসস্ট্যান্ড, পুরোনো বাসস্ট্যান্ড, টাউন হল মোড়, শিল্পকলা একাডেমির সামনে এবং জামে মসজিদের সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। এ কারণে বিএনপির বেশির ভাগ নেতা-কর্মী পাঁচ রাস্তার মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে যান।

উপজেলা বিএনপির সদস্যসচিব ইকবাল হোসেন বলেন, সকাল সাড়ে ১০টার দিকে সেনবাগ উপজেলা থেকে আসা বিএনপির একদল নেতা-কর্মী শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা হয়ে প্রেসক্লাবের দিকে যাচ্ছিলেন। এ সময় সুধারাম থানার পুলিশ আটজনকে আটক করে। তাঁদের মধ্যে সেনবাগ পৌর বিএনপির সদস্য মফিজুল ইসলাম ও পৌর ছাত্রদলের সদস্যসচিব মো. আদনান রয়েছেন।

আরও পড়ুন

স্থানীয় বিএনপি জানায়, বেলা সাড়ে ১১টার দিকে প্রেসক্লাবের সামনে থেকে বিএনপির নেতা-কর্মীরা গণমিছিল বের করেন। দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর নেতৃত্বে মিছিলটি পাঁচ রাস্তার মোড় হয়ে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের পাস হয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে দিয়ে জেলা জামে মসজিদের পশ্চিম পাশের ফটকে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে শামসুজ্জামান দুদু, জেলা বিএনপির সভাপতি এ জেড এম গোলাম হায়দার ও সাধারণ সম্পাদক আবদুর রহমান বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তৃতায় শামসুজ্জামান দুদু বলেন, ‘আমাদের সব নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ আন্দোলনের গড়ে তুলতে হবে। এই ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে নির্দলীয়–নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।’