‘ঝরর হন দোষ নাই, দোষ বেয়াগ মাইনষুর’
বাইরে তুমুল বৃষ্টি। এর মধ্যে হঠাৎ ফায়ার সার্ভিসের গাড়ির সাইরেনের শব্দ। এমন বৃষ্টির দিনে কোথাও আগুন লাগার তো কথা নয়। তাহলে কী কোথাও পাহাড়ধস হয়েছে! এমন আশঙ্কা নিয়ে বাইরে বেরোতেই দেখা গেল চট্টগ্রাম নগরের নন্দনকানন এলাকায় বৌদ্ধমন্দির সড়কের একাংশ সবুজ পাতা আর গাছের ডালপালায় ঢেকে আছে। দুই পাশে সারি সারি যানবাহন ঠায় দাঁড়িয়ে। ফায়ার সার্ভিসের লোকজন গাছের ডালপালা কাটছেন।
ডিসি পাহাড়ের পাদদেশে বৌদ্ধমন্দির সড়কে শতবর্ষী অশ্বত্থগাছটি কয়েক দিন ধরে শ্রাবণের তুমুল বর্ষণে ভিজেছে। আজ রোববার সকাল ৯টার দিকে গাছটি হাত-পা ছড়িয়ে পড়ে গেছে বৌদ্ধমন্দির সড়কের ওপর। বিস্তৃত মহীরূহটি ভেঙে পড়ায় সাময়িকভাবে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ডিসি পাহাড় সড়ক সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় অনেক যানবাহন নন্দনকাননের হরিশ দত্ত লেন দিয়ে ঘুরে যাচ্ছিল। সে দিকে আরেক দুর্গতি। সরু গলিটি নালার ময়লা পানিতে ডুবে গেছে। প্রায় কোমরসমান পানিতে চলতে গিয়ে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশাগুলো আটকে যায়। অথচ চট্টগ্রাম নগরের সবচেয়ে উঁচু পাহাড়ি জায়গাগুলোর একটি নন্দনকানন। পুরো চট্টগ্রাম নগরও যদি বানের পানিতে ডুবে যায় তাও এই এলাকা ডোবার কথা নয়। তাহলে গলিটি ডুবল কী করে? এর উত্তর দিলেন স্থানীয় বাসিন্দারাই।
একজন তো রীতিমতো রেগে গেলেন প্রশ্ন করতেই। ক্ষোভ প্রকাশ করে বললেন, ‘বদ্দা, এই গাছ ফরের, ফানি উডের, এডে ঝরর হন দোষ নাই। দোষ বেয়াগ মাইনষুর। নালা ইবা ফেলাস্টিক দিয়েনে ভরাই ফেলাইয়ি। তই ফানি হডে যাইবু। ফানি এবার মাইনষুর গঅর উদ্দি উডের।’ (ভাই, এই যে গাছ পড়ছে, পানি উঠছে, তাতে বৃষ্টির কোনো দোষ নেই। দোষ সব মানুষের। নালাটা প্লাস্টিক দিয়ে ভরাট করে ফেলা হয়েছে। তাহলে পানি কোথায় যাবে। পানি সে জন্য মানুষের গায়ের ওপর উঠছে।)
গলির ভেতর থেকে বের হতেই বড় রাস্তা। সেদিকে একটু এগোলে তিনপোলের মাথায়ও পানি থই থই করছে। জুবিলী রোডেও পানি। শ্রাবণ তার প্রকৃত রূপ নিয়ে প্রকৃতিতে আসার সঙ্গে সঙ্গেই নাকাল হয়ে গেল বন্দর নগরী চট্টগ্রাম।
এলাকার ষাটোর্ধ্ব বাসিন্দা মোহাম্মদ আলী জানালেন, তাঁদের শৈশবে নন্দনকাননের এই রাস্তা দিয়ে গাড়ি-ঘোড়া তেমন চলত না। আশপাশে এত দোকানপাটও ছিল না। অশ্বত্থগাছটির ছায়ায় বসত ফেরিওয়ালা, পথিকজন। অনেক পুরোনো গাছ ছিল এটি। ডিসি পাহাড়ে এখনো অনেক শিরীষ, পলাশ, শিমুলসহ নানা গাছ আছে। এগুলো সংরক্ষণ করার উদ্যোগ নেওয়া দরকার। প্রয়োজনে এটিকে ছোটখাটো একটা বোটানিক্যাল গার্ডেনে রূপ দেওয়া যেতে পারে। এ ব্যাপারে চট্টগ্রামের মানুষকে সোচ্চার হওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।
নন্দনকাননের ডিসি পাহাড়ের পাদদেশে গেলেই দেখা যেত ডালপালা ছড়ানো শতবর্ষী এই অশ্বত্থ গাছ। গাছের ছায়ায় নগরের প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান পাহাড়িকা বালিকা উচ্চবিদ্যালয়। তার পাশেই শহরের নামকরা শিশুশিক্ষা প্রতিষ্ঠান ফুলকি।
নগরের ডিসি পাহাড়টি এক সময় উদ্ভিদ বৈচিত্র্যের জন্য প্রসিদ্ধ ছিল। পাহাড়ধস, গাছের প্রতি মানুষের হন্তারক মনোভাব চট্টগ্রামের উদ্ভিদ বৈচিত্র্যকে ধ্বংস করেছে। ঝড়-তুফান, বর্ষার বৃষ্টি তো প্রকৃতির দান। যদিও ডিসি পাহাড়ে কোনো অশ্বত্থগাছ ছিল না, তবে পাহাড়ের পাদদেশে সড়কের পাশে একটি এবং অল্প দূরে বৌদ্ধমন্দিরে আরেকটি অশ্বত্থগাছ সেই অভাব পূরণ করেছিল। এর মধ্যে একটি মহীরূহ আজ পড়ে গেল।