যশোরে মঙ্গল শোভাযাত্রার ৩৮ বছরে থাকছে বর্ণিল আয়োজন
বাংলা বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রার ৩৮ বছর উদ্যাপন হতে যাচ্ছে যশোরে। উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ আয়োজন বর্ণিল করতে মাসব্যাপী প্রস্তুতি চলছে সাংস্কৃতিক সংগঠনগুলোর। ১৯৮৫ সালের ১৪ এপ্রিল পয়লা বৈশাখের ভোরে যশোর শহরে বর্ণিল শোভাযাত্রাটি বের হয়েছিল। এর পর থেকে প্রতিবছরই পয়লা বৈশাখের সকালে শোভাযাত্রা বের হচ্ছে। স্থানীয় সাংস্কৃতিক কর্মীদের ভাষ্য, দেশে মঙ্গল শোভাযাত্রার সংস্কৃতি যশোর শহর থেকে প্রথম শুরু হয়।
বর্ণিল মুখোশ পরে যশোরের সাংস্কৃতিক পরিমণ্ডলের মানুষ মঙ্গল শোভাযাত্রায় যোগ দেন। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা বিশাল আকৃতির হাতি, ঘোড়া, টেপা পুতুল বানিয়ে শোভাযাত্রায় যোগ দেন। এবারও সেই একই উদ্দীপনায় মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এ জন্য লোকজ অনুষঙ্গ তৈরিতে সাংস্কৃতিক সংগঠনগুলোর কর্মীরা এখন ভীষণ ব্যস্ত।
যশোরের চারুপীঠ আর্ট রিসার্চ ইনস্টিটিউটের সভাপতি হারুন-অর-রশীদ প্রথম আলোকে বলেন, ‘একুশে ফেব্রুয়ারির প্রভাতফেরিতে সাদা-কালো পোশাকে খালি পায়ে আমরা গভীর শোক পালন করি। ঠিক তার উল্টো, অর্থাৎ অনাবিল আনন্দ, উৎসাহ আর উদ্দীপনায় বাংলা বর্ষবরণ উদ্যাপনের লক্ষ্যে যশোরে বর্ষবরণ শোভাযাত্রার সূচনা করা হয়েছিল। ওই শোভাযাত্রা মৌলবাদী গোষ্ঠীকে প্রতিহত করে গোটা যশোরের মানুষকে ঐক্যবদ্ধ করেছিল। এখন ঐক্যবদ্ধ করছে গোটা দেশকে।’
প্রায় চার দশক আগে দেশের প্রত্যন্ত জেলা শহর যশোরে বের হয়েছিল বর্ণিল শোভাযাত্রা। এ শোভাযাত্রার শ চারেক অংশগ্রহণকারীর পক্ষে তখন অনুমান করা সম্ভব ছিল না, পরের বছরগুলোয় এটা কত দ্রুত জেলার সীমানা ডিঙিয়ে যাবে এবং বাংলা বর্ষবরণের প্রতীক হয়ে দাঁড়াবে।
ওই শোভাযাত্রার অন্যতম উদ্যোক্তা চারুপীঠ আর্ট রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও সাধারণ সম্পাদক মাহবুব জামিল শামীম প্রথম আলোকে বলেন, ‘১৯৮৫ সালে চারুপীঠের উদ্যোগেই বাংলাদেশে প্রথম বর্ষবরণের শোভাযাত্রা হয়েছিল। পরের বছর যশোরের বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে এটি আরও জমকালো আকার নেয়। কয়েক বছর পর, ১৯৮৯ সালে আমি ঢাকার চারুকলা ইনস্টিটিউটে গিয়ে ছাত্রছাত্রীদের দিয়ে হরেক রঙের মুখোশ তৈরি করিয়ে রাজধানী শহরে প্রথম শোভাযাত্রা বের করার উদ্যোগ নিই। ওই উদ্যোগে লোকশিল্প গবেষক তরুণ ঘোষ অগ্রগামী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ১৯৯০ সালে চারুশিল্পী পর্ষদ চারুকলা ইনস্টিটিউটের শোভাযাত্রার নিয়ন্ত্রণে নেয়। তরুণ ঘোষের নকশায় তখন অপরূপ পোস্টার ছাপানো হয়। শুরুতে যশোরে বর্ষবরণ শোভাযাত্রা, পরে ঢাকায় আনন্দ শোভাযাত্রা এবং বর্তমানে যা মঙ্গল শোভাযাত্রা। ছায়ানটের প্রতিষ্ঠাতা ওয়াহিদুল হক ও শিল্পী এমদাদ হোসেন ‘মঙ্গল শোভাযাত্রা’ নামকরণের প্রস্তাব দেন। আর সেই নামটি সারা দেশে ছড়িয়ে পড়ে। এভাবেই মঙ্গল শোভাযাত্রা জাতীয় উৎসবে রূপ নিল।’
চারুপীঠ সংগঠনটি যশোর পৌর পার্কে অবস্থিত। মঙ্গল শোভাযাত্রায় ব্যবহারের জন্য বর্তমানে সংগঠনের শিল্পীদের তৈরি বিশাল আকৃতির টেপা পুতুল, বাঘ, লক্ষ্মী প্যাঁচাসহ বিভিন্ন প্রাণীর মুখোশে তুলির আঁচড়ে বর্ণিল করে তোলা হচ্ছে। সংগঠনের কার্যালয়ে প্রবেশ করতেই দেখা যাবে, গভীর মনোযোগে কেউ জলরঙের ছবি আঁকছেন, কেউ নকশা করছেন কাগজে। অনেকে মিলে বাঁশ দিয়ে তৈরি করছেন বিশাল আকৃতির টেপা পুতুল। ২০১৬ সালে ইউনেসকোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের মর্যাদা লাভ করেছে মঙ্গল শোভাযাত্রা। যার বীজ আসলে লুকানো ৩৮ বছর আগে যশোরের সেই শোভাযাত্রায় বলে বিশ্বাস স্থানীয় শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের।
চারুপীঠের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ বলেন, ‘পয়লা বৈশাখে যশোরের মঙ্গল শোভাযাত্রার বর্ণাঢ্য ইতিহাস আছে। যশোরে প্রথম দিন যে উদ্দীপনায় বর্ণিল শোভাযাত্রা বের করা হয়েছিল, আমরা সেখান থেকে একচুলও সরে আসিনি। এবারও চারুপীঠের পক্ষ থেকে শোভাযাত্রায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।’
শুধু চারুপীঠ নয়, এস এম সুলতান ফাইন আর্ট কলেজ ও চারুতীর্থ সংগঠনের শিল্পীরাও মঙ্গল শোভাযাত্রা করার প্রস্তুতি নিয়েছেন। উপশহর পার্কে অবস্থিত এস এম সুলতান ফাইন আর্ট কলেজের আঙিনায় বিশাল আকৃতির হাতি ও ঘোড়া তৈরি করছেন কলেজের শিক্ষার্থীরা। কলেজটির অধ্যক্ষ শামীম ইকবাল বলেন, বিশ্ব ঐতিহ্যের অংশ মঙ্গল শোভাযাত্রার সূচনা হয়েছিল যশোর থেকেই। চারুপীঠের উদ্যোগে যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের পুরোনো হল ক্যাম্পাস থেকেই শোভাযাত্রা শুরু হয়। মাহবুব জামিল ও হিরন্ময়দের নেতৃত্বে শোভাযাত্রাটি বের করা হয়। তিনিও কর্মী হিসেবে ওই শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন। এবারও তাঁর ব্যতিক্রম ঘটবে না।
বাংলা নববর্ষ আয়োজন ঘিরে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন যশোরের সাংস্কৃতিক কর্মীরা। বর্ণিল উৎসব ঘিরে সাংস্কৃতিক সংগঠনগুলো তৈরি করেছে ভিন্ন আঙ্গিকের দাওয়াতপত্র। এদিকে পবিত্র রমজান উপলক্ষে দুপুরের মধ্যেই সব সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করার নির্দেশনা রয়েছে জেলা প্রশাসনের। তারপরও পয়লা বৈশাখে বর্ণিল সাজে ঢাকঢোলের বাদ্যে মাততে প্রস্তুত হচ্ছে সংগঠনগুলো। প্রাণোচ্ছল হয়ে উঠেছে জেলার সাংস্কৃতিক অঙ্গন। টাউন হল মাঠ থেকে সকাল ৯টায় যশোরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা হবে। যশোরের ৩০টির বেশি সাংস্কৃতিক সংগঠনের প্রায় ৫০০ সাংস্কৃতিক কর্মী উৎসবকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন।