রাবি শিক্ষক সমিতি নির্বাচনে ভোট গ্রহণ শুরু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ সোমবার সকাল নয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। বিরতিহীনভাবে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
নির্বাচনে দুটি প্যানেলে শিক্ষকেরা অংশ নিচ্ছেন। প্যানেল দুটি হলো মুক্তিযুদ্ধের চেতনায় ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ (হলুদ প্যানেল) এবং বিএনপি ও জামায়াত–সমর্থিত জাতীয়তাবাদী ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক ফোরাম (সাদা প্যানেল)।
শিক্ষক সমিতি নির্বাচনে কর্মকর্তা পদ ৫টি ও সদস্য পদ ১০টি। মোট ১৫টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩০ প্রার্থী। এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৬৮। একজন ভোটারকে মোট ১৫টি ভোট দিতে হবে।
হলুদ প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলা বিভাগের অধ্যাপক সফিকুন্নবী সামাদী, সহসভাপতি পদে ফার্মেসি বিভাগের অধ্যাপক মীর ইমাম ইবনে ওয়াহেদ, সাধারণ সম্পাদক পদে মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. বোরাক আলী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সুলতান মাহমুদ, কোষাধ্যক্ষ পদে ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক সৈয়দ এম এ ছালাম।
এদিকে সাদা প্যানেল থেকে সভাপতি পদে সমাজকর্ম বিভাগের অধ্যাপক মো. আশরাফুজ্জামান, সহসভাপতি পদে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. নূরুল হক মোল্লা, সাধারণ সম্পাদক পদে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক পারভেজ আজহারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ফিশারিজ বিভাগের অধ্যাপক মো. আবু সাঈদ, কোষাধ্যক্ষ পদে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক দিলআরা হোসেন নির্বাচন করছেন।
নির্বাচন পরিচালক অধ্যাপক মো. কামরুজ্জামান বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। ভোট গ্রহণ শেষে বিকেল সাড়ে চারটা থেকে ভোট গণনা শুরু হবে।