খালে পড়ে আছে উপজেলার একমাত্র নৌ অ্যাম্বুলেন্স, এক দিনও সেবা পাননি বাসিন্দারা
খালের পাড়ে পড়ে আছে নৌ অ্যাম্বুলেন্স। দেখতে সচল মনে হলেও এর ইঞ্জিন নেই। চুরি হয়েছে প্রয়োজনীয় অন্য যন্ত্রাংশও। নদীপথে অসুস্থ মানুষকে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য ২০২২ সালে এই অ্যাম্বুলেন্স চালু হয়। তবে উদ্বোধনের চার বছরে একবারের জন্যও রোগী আনা–নেওয়ায় এর ব্যবহার হয়নি।
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার বাজারসংলগ্ন সেন্টার খালের পাড়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে অ্যাম্বুলেন্সটি। উপজেলার দুর্গম চরাঞ্চলের মানুষের জন্য ২০২২ সালে ‘স্বপ্নযাত্রা’ নামের এই নৌ অ্যাম্বুলেন্স কেনা হয়। এতে ব্যয় হয়েছিল প্রায় তিন লাখ টাকা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের উদ্যোগে অ্যাম্বুলেন্সটি কেনা হয়। তবে ২০২২ সালে এটির উদ্বোধন করা হলেও তখন চালক নিয়োগ দেওয়া হয়নি। যার কারণে পড়ে থাকা নৌ অ্যাম্বুলেন্সটির অনেক যন্ত্রাংশ চুরি হয়ে যায়।
নৌ অ্যাম্বুলেন্সটি কখনোই মানুষের কাজে আসেনি। এক দিনের জন্যও কোনো রোগীকে বহন করতে দেখলাম না।
জানতে চাইলে চর আবদুল্যাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মঞ্জু বলেন, চালকসহ বিভিন্ন সংকটের কারণে শুরু থেকেই অ্যাম্বুলেন্সটি চালু করা যায়নি। ফলে চরাঞ্চলের মানুষ কার্যত চিকিৎসাসেবার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
নৌ অ্যাম্বুলেন্সের সেবা না পাওয়ায় নানা সময় ভোগান্তিতে পড়তে হয় এলাকার বাসিন্দাদের। চলতি বছরের ৮ এপ্রিল চর আবদুল্যাহে এমনই এক পরিস্থিতির মুখোমুখি হয় একটি পরিবার। সকাল থেকে পেটের তীব্র ব্যথায় কাতরাচ্ছিল এলাকার শিশু মো. মামুন। আশপাশের প্রাথমিক চিকিৎসাকেন্দ্রের ওষুধেও ব্যথা কমেনি। এরপর প্রতিবেশীরা তাকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে চার ঘণ্টায়ও হাসপাতালে নেওয়ার জন্য কোনো নৌকা পাওয়া যায়নি। শেষ পর্যন্ত ছোট একটি নৌকা মেলে। সেটি দিয়েই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
শিশুটিকে হাসপাতালে নেওয়ার ঘটনার বর্ণনা দিয়ে প্রতিবেশী সাইফুল ইসলাম বলেন, হঠাৎ মামুনের অবস্থা গুরুতর হয়ে পড়ে। কথা বলা তো দূরের কথা, কোনো সাড়াশব্দও ছিল না। এ নিয়ে সবাই দুশ্চিন্তায় ছিল। কিন্তু যাতায়াতের কোনো ব্যবস্থা না থাকায় পরিবারটি অসহায় হয়ে পড়ে। এরপর ভোগান্তি পেরিয়ে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সে অনেকটা সুস্থ রয়েছে।
মামুনের বাবা জাকির হোসেন নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। তিনি বলেন, ‘নৌ অ্যাম্বুলেন্সটি কখনোই মানুষের কাজে আসেনি। এক দিনের জন্যও কোনো রোগীকে বহন করতে দেখলাম না।’
স্থানীয় বাসিন্দারা জানান, রামগতির চর আবদুল্যাহ ও চরগজারিয়া ইউনিয়নসহ আশপাশের কয়েকটি চরে কয়েক হাজার মানুষের বসবাস। তাদের যোগাযোগব্যবস্থা পুরোপুরি নৌপথনির্ভর। বর্ষা মৌসুমে এক গ্রামের সঙ্গে অন্য গ্রামের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। জরুরি প্রয়োজনে রামগতি যেতে হলে ট্রলার ভাড়া গুনতে হয় চার থেকে পাঁচ হাজার টাকা।
স্থানীয় লোকজনের অভিযোগ, পরিকল্পনার অভাব ও তদারকির ঘাটতির কারণে শুরু থেকেই ব্যর্থ হয়েছে এই নৌ অ্যাম্বুলেন্সের উদ্যোগ। এ কারণে চরাঞ্চলের মানুষ জরুরি চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। নৌ অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার না হলেও প্রথমে এটি স্থানীয় আওয়ামী লীগ নেতারা ব্যবহার করতেন। পরে সমালোচনার মুখে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটি উদ্ধার করে সেন্টার খালে ফেলে রাখেন।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন বলেন, নৌ অ্যাম্বুলেন্সের বিষয়টি তাঁদের নজরে এসেছে। কেন এটি এত দিন অকার্যকর রয়েছে, তা খতিয়ে দেখা হবে। চরাঞ্চলের মানুষ যাতে জরুরি চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।