রূপগঞ্জে নির্মাণাধীন দুই ভবনে দুর্ঘটনায় ৪ জন নিহত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক দুটি নির্মাণাধীন ভবনে দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বিদ্যুৎস্পৃষ্টে দুজন এবং ছাদ থেকে পড়ে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
গতকাল শনিবার বিকেলে উপজেলার মধ্যপাড়া এলাকায় একটি নির্মাণাধীন তিনতলা ভবনে থাই গ্লাস বসানোর কাজ চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবনের মালিক আরফান মোল্লা (৫৫) ঘটনাস্থলেই মারা যান। এ সময় দগ্ধ হন তাঁর ছেলে লিয়ন মোল্লা (৩২) ও থাই গ্লাসের মিস্ত্রি সাদিকুর রহমান (৩৫)। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। সেখানে সন্ধ্যা সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় থাই গ্লাসের মিস্ত্রি সাদিকুর রহমানের মৃত্যু হয়। দগ্ধ লিয়ন মোল্লা এখনো হাসপাতালে চিকিৎসাধীন।
অন্যদিকে একই দিন বিকেলে পূর্বাচল জলসিঁড়ি আবাসন প্রকল্পের ১৬ নম্বর সেক্টরের ৫০৩ নম্বর সড়কে নির্মাণাধীন একটি নয়তলা ভবনের ছয়তলায় প্লাস্টারের কাজ করার সময় রশি ছিঁড়ে নিচে পড়ে দুই রাজমিস্ত্রির মৃত্যু হয়। এই দুজন হলেন কুড়িগ্রাম সদর উপজেলার আলমগীর ইসলাম (২৮) এবং একই উপজেলার মসলাপাড়া গ্রামের আলম বাদশা (৩৫)। দুর্ঘটনার পর তাঁদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সবজেল হোসেন বলেন, ভবনের পাশ দিয়ে থাকা ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এসে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়েছে। অপর একটি ঘটনায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় পড়ে দুজনের মৃত্যু হয়েছে।