১০ মিনিটের জন্য ভাড়াটিয়াকে ঘরের বাইরে বের হতে বলে মালিকের ‘আত্মহত্যা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর রায়পুরায় ভাড়াটিয়ার ঘরে গিয়ে বাড়ির মালিকের আত্মহত্যার ঘটনা শুনে আশপাশের মানুষ ভিড় করে। সোমবার দুপুরে রায়পুরা পৌরসভার মৌলভীবাজার গ্রামের হাসিমপুর এলাকায়
ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরা উপজেলায় ১০ মিনিটের জন্য ভাড়াটিয়াকে ঘরের বাইরে বের হতে বলে দরজা-জানালা বন্ধ করে ওই বাড়ির মালিক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। ওই ব্যক্তির নাম মো. হানিফ মিয়া (৫৬)। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রায়পুরা পৌরসভার মৌলভীবাজার গ্রামের হাসিমপুর এলাকায় এই ঘটনা ঘটে।

অর্থনৈতিক টানাপোড়েন ও পারিবারিক কলহের জেরে হানিফ আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন স্বজনেরা। তিনি রায়পুরা পৌরসভার মৌলভীবাজার গ্রামের হাসিমপুর এলাকার বাসিন্দা। ১০ বছর আগে বিদেশ থেকে এলাকায় ফেরেন হানিফ। তাঁর প্রবাসী দুই ছেলের পাঠানো টাকায় সংসার চলত তাঁর।

থানা-পুলিশ ও স্থানীয় লোকজন বলেন, সকাল সাড়ে ৯টার দিকে হানিফ মিয়া তাঁর বাড়ির ভাড়াটিয়া তানজিনা আক্তারের কাছে যান। ঘরে কিছু কাজ করতে হবে বলে তানজিনাকে ১০ মিনিটের জন্য বাইরে বের হতে বলেন তিনি। পরে তানজিনা বের হয়ে গেলে হানিফ ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণের মধ্যেই তানজিনা ফিরে এসে দেখেন, ঘরের দরজার পাশাপাশি জানালাও বন্ধ, কোনো সাড়াশব্দও নেই।

তানজিনা আক্তার বলেন, ‘কিছুক্ষণ ডাকাডাকির পর সাড়া না পেয়ে জানালার ফাঁকে চোখ রেখে দেখি, বাড়ির মালিক হানিফ মিয়া ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছেন। এ সময় দৌড়ে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের ডেকে আনি। তাঁরা দরজা ভেঙে ভেতরে যান। এরপরই রায়পুরা থানায় খবর জানানো হয়।’

খবর পেয়ে রায়পুরা থানার উপপরিদর্শক মো. রকিবুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করেন। এ সময় লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন তিনি। পরে ময়নাতদন্তের জন্য তাঁর লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

হানিফ মিয়ার পরিবারের সদস্যরা বলছেন, দীর্ঘদিন প্রবাসে ছিলেন হানিফ মিয়া। বছর দশেক আগে বাড়িতে ফিরে এলেও তেমন কোনো আয় ছিল না তাঁর। তাঁর প্রবাসী দুই ছেলের পাঠানো টাকাতেই সংসার চলত। কিছুদিন ধরে তিনি অভাবে ছিলেন। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গেও ঝামেলা হচ্ছিল তাঁর। এসব কষ্টেই হয়তো তিনি এমন ঘটনা ঘটিয়েছেন।  

রায়পুরা থানার উপপরিদর্শক মো. রকিবুল ইসলাম বলেন, অর্থনৈতিক সংকট ও পারিবারিক কলহের কারণে হানিফ মিয়া আত্মহত্যা করে থাকতে পারেন। সুরতহাল প্রতিবেদন তৈরির সময় তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে জানা যাবে এটি আত্মহত্যা, নাকি অন্য কিছু। এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা করা হচ্ছে।