শহরে শহরে ঘুরে দা-বঁটিতে শাণ দেন তিনি
শব্দ করে ঘুরছে কালো রঙের একটি চাকতি। চাকতির কার্নিশে ছুরি ধরতেই আগুনের ফুলকি বেরোয়। চাকতি ঘোরানোর জন্য পা দিয়ে প্যাডেল মারছেন ফুল মিয়া। ঘর্ষণে ভোঁতা ছুরিটা চকচকে হয়ে উঠছে। পায়ের প্যাডেল থামিয়ে একটু পরপর হাতের আঙুল দিয়ে চলছে ধার পরীক্ষার কাজ।
এক যুগের বেশি সময় ধরে এভাবে দা-বঁটি-চাকু-ছুরিতে ধার দেন ফুল মিয়া। জীবিকার তাগিদে তিনি শহর থেকে শহরে, মহল্লা থেকে মহল্লায় ঘুরে বেড়ান। হবিগঞ্জের বানিয়াচংয়ের বাসিন্দা ফুল মিয়া সম্প্রতি খুলনা শহরে এসেছেন। ছোট একটি কাঠের কাঠামোর গায়ে বিশেষভাবে চাকা, প্যাডেল আর চাকতি লাগানো ‘শাণ মেশিন’ কাঁধে ঘুরছেন খুলনার পথে পথে।
সব জিনিসের দাম বাড়ছে। সবারই সংসারে খরচ বাড়ছে। কিচ্ছু করার তো নেই। যারা গৃহস্থ আছে, বিদেশ আছে, তারা ভালো আছে। যারা আমাদের মতো গরিব, একজনের রোজগারে চার-পাঁচজন খায়, তারার টেনশনের শেষ নাই।
গত সোমবার দুপুরে নগরের ময়লাপোতা এলাকায় একটি রেস্তোরাঁর সামনে বসে ভোঁতা কয়েকটি ছুরি ও চাপাতিতে ধার দিচ্ছিলেন ফুল মিয়া। পিঠের ছোট ব্যাগে রাখা হ্যান্ডমাইকটি দেখা যাচ্ছিল। সেখানেই ফুল মিয়ার সঙ্গে আলাপ হয়।
আলাপে আলাপে জানা গেল, বানিয়াচংয়ের হাজারো মানুষ দা-বঁটিতে ধার দিয়ে জীবিকা নির্বাহ করেন। দেশের নানা প্রান্তে ঘুরে ঘুরে এ কাজ করেন তাঁরা। কাঁধে শাণ মেশিন নিয়ে জেলায় জেলায় ঘুরে বেড়ান। কোনো জায়গায় আস্তানা গাড়লে এক থেকে তিন মাস সেখানে থাকেন। এরপর বাড়িতে ফিরে কয়েক দিন থাকার পর অন্য জায়গায় যান। সপ্তাহখানেক আগে ফুল মিয়া ও তাঁর এক বন্ধু খুলনায় এসেছেন। উঠেছেন নগরের সোনাডাঙ্গা এলাকার একটা বোর্ডিংয়ে। প্রতিদিন আটটা-সাড়ে আটটার দিকে দুজন শহরের দুই দিকে চলে যান। দিনভর কাজ করে বিকেলে বোর্ডিংয়ে ফেরেন।
দেশের বিভিন্ন প্রান্তে কাজ করার অভিজ্ঞতার কথা শোনান ফুল মিয়া। তাঁর মতে, গত কয়েক বছরে দেশে ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। মানুষ কোনোমতে হলেও খেয়ে বাঁচতে পারছে। তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষকে অস্বস্তিতে ফেলেছে।
ফুল মিয়া প্রথম আলোকে বলেন, ‘১২-১৩ বছর ধরে কাজটা করি। আগে শুধু হাল–গিরিস্থির কাজ করতাম। এই ইনকামে মোটামুটি সংসারটা চলে। কাঁধে শাণ নিয়ে হেঁটে হেঁটে কাজ করতে হয়। খুবই পরিশ্রম। কক্সবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম এলাকায় কয়েক বছর কাজ করেছি। ১০ বছর পর খুলনা আসলাম। কোনো দিন সাত শ, কোনো দিন আষ্ট শ টাকা হয়। আবার হাজারো ছাড়ায়। থাকা-খাওয়া দিয়ে দিনে ৩০০ ট্যাকা শেষ।’
বর্তমানে যাতায়াতের খরচের পাশাপাশি জীবনযাত্রার ব্যয় বেড়েছে। ফুল মিয়াদের রোজগারের বড় একটি অংশ খরচ হয়ে যায় থাকা-খাওয়ায়। ফুল মিয়া বলেন, আগে বোর্ডিং ভাড়া কম ছিল। খাওয়ার খরচও বাড়ছে। আগে যেখানে–সেখানে থেকেছেন। দিনে কাজ করেছেন, রাতে স্কুল-কলেজে থেকেছেন। এখন নিরাপত্তার কথা বলে কেউ থাকতে দেন না। তিনি বলেন, আগে মানুষের আতিথেয়তা বেশি ছিল। এখন সেটা কমেছে। কিছু খারাপ মানুষের কারণে এমনটা হয়েছে বলে তিনি মনে করেন।
কথায় কথায় জানা গেল, ফুল মিয়াদের যৌথ পরিবার। তিন ভাইয়ের মধ্যে এক ভাই ব্যবসা করেন, আরেক ভাই শাণ দেন। বৈশাখ ও অগ্রহায়ণ মাসে নিজেদের এলাকায় থাকেন। ওই সময় ধান কাটার কাজ করেন। তিনি বলেন, ‘বৈশাখ–অগ্রহায়ণে আমরা আসি না। ওই সময় ধান কাটা ও নিজেদের জমিতে কাজ করি।’
কথা না থামিয়ে ফুল মিয়া বলতে থাকেন, ‘সব জিনিসের দাম বাড়ছে। সবারই সংসারে খরচ বাড়ছে। কিচ্ছু করার তো নেই। যারা গৃহস্থ আছে, বিদেশ আছে, তারা ভালো আছে। যারা আমাদের মতো গরিব, একজনের রোজগারে চার-পাঁচজন খায়, তারার টেনশনের শেষ নাই। যে টেকা ইনকাম হয় ওষুধে, কাপড়চোপড়ে, লেহাপড়ায় খরচায় আর সংসার চলে না।’
দেশের বিভিন্ন প্রান্তে কাজ করার অভিজ্ঞতার কথা শোনান ফুল মিয়া। তাঁর মতে, গত কয়েক বছরে দেশে ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। মানুষ কোনোমতে হলেও খেয়ে বাঁচতে পারছে। তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষকে অস্বস্তিতে ফেলেছে।
ফুল মিয়া বলেন, ‘১০ বছর পর খুলনা আসছি। খুলনায় আগে এত বড় বড় বিল্ডিং, রাস্তাঘাট দেখি নাই। সারা দেশেই রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করছে সরকার। আগে শুধু শাক, আটা খেয়েও অনেকের দিন কেটেছে। এখন হয়তো ভালো মাছ, মাংস খাইতে পারছে না। কিন্তু মানুষ তিন বেলা খেয়ে বেঁচে আছে। তবে গরিবেরা কষ্টে আছে। আয়ের লোক কম থাকলে বিপদ। জিনিসপত্রের দাম অনেক বেশি বাড়ায় মানুষ কিন্তু নাখোশ।’